পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট নিয়ে আইসিসির জরুরি সভা

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। গতকাল পাকিস্তানের এই ঘোষণার পর আজ জরুরি বোর্ড সভা ডেকেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
আইসিসির এই জরুরি সভাটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। যেখানে পাকিস্তানের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিয়ে আলোচনা হতে পারে। আইসিসির সূত্রের বরাত দিয়ে এমন খবর জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপার।
টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্বে আগামী ১৫ ফেব্রুয়ারি ভারতের মুখোমুখি হওয়ার কথা পাকিস্তানের। তবে গতকাল পাকিস্তান সরকারের বিবৃতিতে স্পষ্ট বলা হয়েছে, জাতীয় দল পুরো টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবে, তবে ভারতের বিপক্ষে মাঠে নামতে পারবে না।
পাকিস্তান সরকার বলেছে, 'পাকিস্তান ক্রিকেট দলকে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ অংশগ্রহণের অনুমতি দিয়েছে পাকিস্তান সরকার । তবে ২০২৬ সালের ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচে পাকিস্তান দল মাঠে নামবে না।'
পিসিবি ও সরকারের সিদ্ধান্ত মেনে নিতে হবে বলে জানিয়েছেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আঘা। তার মতে, ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্তে ক্রিকেটারদের কোনো মতামত নেওয়া হয়নি। তবে বোর্ডের সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন তিনি।
সালমান বলেন, 'আমরা যাচ্ছি (বিশ্বকাপে)। ওটা (ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করা) আমাদের সিদ্ধান্ত নয়। আমরা এই বিষয়ে কিছু করতে পারব না। আমাদের সরকার ও চেয়ারম্যান যা বলবে আমাদের সেটাই করতে হবে। তারা যা বলবে আমরা তাই করব।'
এইচজেএস