মুস্তাফিজকে বাদ দেওয়া উচিত হয়নি: শশী থারুর

নিরাপত্তার কারণ দেখিয়ে কলকাতা নাইট রাইডার্স থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর ক্রিকেটপাড়ায় শুরু হয়েছে তুলকালাম। শেষ পর্যন্ত ভারতের মাটিতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তেই অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইসিসিও বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপ খেলার সুযোগ করে দিয়েছে।
এতে বাংলাদেশের সঙ্গে অবিচার করা হয়েছে বলে দাবি পাকিস্তানের। বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে গ্রুপপর্বে ভারতের বিপক্ষে ম্যাচটি বয়কট করেছে তারা। তাতেই বেঁধেছে নতুন বিপত্তি। পাকিস্তান শাস্তির মুখে থাকলেও বেশ কোণঠাসা হয়ে পড়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি আইসিসি।
বিশ্বকাপ শুরু হওয়ার এক সপ্তাহ সময়ও নেই। কিন্তু চলমান সমস্যা যেন শেষই হচ্ছে না। এমতাবস্থায় এসবের সমাধান দরকার বলে মনে করছেন কংগ্রেস নেতা ও লোকসভা সদস্য শশী থারুর। তিনি বলেন, ‘‘খেলার সঙ্গে এভাবে দুই পক্ষের রাজনীতি জড়ানো একদমই উচিত হয়নি। আর মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সের চুক্তির থেকে বাদ দেওয়াও ঠিক হয়নি। এটা সত্যিই দুঃখজনক।’’
তিনি আরও বলেন, ‘‘এটা রাজনীতির সঙ্গে জড়িয়ে যাচ্ছে। বাংলাদেশের প্রতিক্রিয়া একটু অতিরঞ্জিত ছিল। এখন পাকিস্তান বাংলাদেশকে সমর্থন দেওয়া শুরু করেছে। ব্যাপারটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।’’
চলমান সমস্যার সমাধান হওয়া উচিত বলে মনে করছেন শশী থারুর। তিনি বলেন, ‘‘এটা এভাবে চলতে পারে না। এই সমস্যার একটা সমাধান হওয়া উচিত। ক্রিকেটের জন্য হলেও আমাদের সবার একত্রিত হতে হবে। আর এই সমস্যা সমাধানে একমাত্র নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হতে পারে আইসিসি।’’
এমএমএম/