বিজ্ঞাপন

নকআউট পর্বে ভারতের মুখোমুখি হলে যা করবে পাকিস্তান

নকআউট পর্বে ভারতের মুখোমুখি হলে যা করবে পাকিস্তান

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশ নেওয়া নির্ভর করছিল দেশটির সরকারের ওপর। গতকাল সরকারের কাছ থেকে সবুজ সংকেত পেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে আসরে অংশ নিলেও গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচটি বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে তারা।

গ্রুপ পর্বের এই ম্যাচটি না খেললেও পরের রাউন্ডে যাওয়ার সুযোগ থাকবে পাকিস্তানের সামনে। অর্থাৎ এই ম্যাচের পয়েন্ট ভারতকে দিয়ে দিলেও পাকিস্তানের সামনে সুযোগ থাকবে। তবে সেক্ষেত্রে গ্রুপের বাকি ম্যাচগুলো তাদের জিততে হবে, একই সঙ্গে ভারতের দিকেও তাকিয়ে থাকতে হবে।

যদি পরের রাউন্ডের সমীকরণ মেলাতে পারে পাকিস্তান এবং আসরে টিকে থাকে তাহলে আবারো ভারতের সঙ্গে দেখা হতে পারে তাদের। তাই প্রশ্ন উঠছে, যদি নক আউট পর্বে ভারতের বিপক্ষে খেলতে হয় তাহলে তখনও কি একই সিদ্ধান্ত নেবে পাকিস্তান? ভারতীয় ধারাভাষ্যকার হার্শা ভোগলেও একই প্রশ্ন তুলেছেন।

তিনি বলেন, 'পাকিস্তান যদি বিশ্বকাপে যায় কিন্তু ভারতের বিপক্ষে না খেলে তাহলে আইসিসি কী প্রতিক্রিয়া দেখায় সেটা দেখার অপেক্ষায় আছি। আমি আইনগত অবস্থান সম্পর্কে বা অগ্রাধিকার কীভাবে কার্যকর হয় তা জানি না। যাই হোক, ভারত-পাকিস্তান ফাইনাল হলে কী হবে?'

এমন প্রশ্নের উত্তর আপাতত সময়ের হাতে। পিসিবির এক কর্মকর্তা সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, সে ক্ষেত্রেও সরকারের সিদ্ধান্তই মেনে চলবেন তারা। তিনি বলেন, 'পাকিস্তান যে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে খেলবে না সেই সিদ্ধান্ত পাকিস্তানের সরকার নিয়েছে। ফলে নক আউট পর্বে যদি ভারত-পাকিস্তান মুখোমুখি হয়, সে ক্ষেত্রে কী হবে, সেই সিদ্ধান্তও সরকার নেবে। সরকার যা নির্দেশ দেবে আমরা সেটাই মেনে চলব।'

এইচজেএস