টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ইনজুরিতে লঙ্কান পেসার

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার আর মাত্র কদিন বাকি। এর মাঝেই দুঃসংবাদ পেল শ্রীলঙ্কা ক্রিকেট দল। ইনজুরিতে পড়েছেন দলটির ডানহাতি পেসার এহসান মালিঙ্গা। ইংল্যান্ডের বিপক্ষে চলমান তিন ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি থেকে ছিটকে গেছেন তিনি।
ইংল্যান্ডের বিপক্ষে টানা দুই ম্যাচ হেরে ইতোমধ্যেই টি-টোয়েন্টি সিরিজ খুঁইয়েছে শ্রীলঙ্কা। সিরিজরক্ষার ম্যাচে গতকাল রবিবার (১ ফেব্রুয়ারি) ইংল্যান্ডের মুখোমুখি হয় লঙ্কানরা।
পাল্লেকেলেতে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বৃষ্টির পর খেলা পুনরায় শুরু হলে প্রথম বলটিই করতে আসেন এহসান মালিঙ্গা। বল ছাড়ার মুহূর্তেই তার বাম কাঁধে চোট লাগে তার। সঙ্গে সঙ্গেই যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তার করা সেই ডেলিভারিটি কোমরের ওপর দিয়ে যাওয়ার কারণে ‘নো বল’ দেন আম্পায়ার।
মালিঙ্গাকে ইতোমধ্যেই কলোম্বোতে পাঠানো হয়েছে। আজ সোমবার সেখানে তার কাঁধের এমআরআই স্ক্যান করার কথা রয়েছে।
প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, তাকে প্রায় ৪ থেকে ৬ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে। যেহেতু বিশ্বকাপ শুরু হতে আর এক সপ্তাহেরও কম সময় বাকি, তাই তার খেলা প্রায় অসম্ভব বলে মনে করা হচ্ছে।
এমএমএম/