বিশ্বকাপে অংশ নিতে শ্রীলঙ্কায় পৌঁছেছে পাকিস্তান দল

ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ বয়কট করলেও বিশ্বকাপে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। সেই লক্ষ্যে আজ সোমবার (২ ফেব্রুয়ারি) কলম্বোয় পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল। আগামী ৪ ফেব্রুয়ারি কলম্বোর সিংহলী স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে মাঠে নামবেন সালমান আলী আগারা।
গ্রুপ ‘এ’তে থাকা পাকিস্তান ৭ ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে। ডাচরা ছাড়াও তাদের গ্রুপে আছে যুক্তরাষ্ট্র, নামিবিয়া ও ভারত। তবে ভারতের বিপক্ষে ম্যাচে মাঠে না নামার ঘোষণা দিয়েছেন তারা।
আইসিসি’র হাইব্রিড মডেল অনুযায়ী, ভারত ও পাকিস্তান একে অপরের দেশে সফর না করে নিরপেক্ষ ভেন্যুতে খেলার কথা। সেই অনুযায়ী পাকিস্তানের সব ম্যাচই শ্রীলঙ্কায় রাখা হয়েছে। কিন্তু গত রবিবার পাকিস্তান সরকার জানায়, ‘‘পাকিস্তান দল ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিলেও ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে মাঠে নামবে না।’’
ভারত সফরে বাংলাদেশের অসম্মতি এবং পরবর্তীতে আইসিসি কর্তৃক বাংলাদেশকে সরিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে পাকিস্তান এই সিদ্ধান্ত নিয়েছে।
পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা বলেন, ‘‘আমরা বিশ্বকাপে অংশ নিতে এসেছি। তবে ভারত ম্যাচ নিয়ে সরকার ও বোর্ডের যে সিদ্ধান্ত, খেলোয়াড় হিসেবে আমাদের সেটিই মেনে চলতে হবে।’’
এমএমএম/