নিলামের আগে রিশাদকে ছেড়ে দিল লাহোর

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সর্বশেষ আসরে লাহোর কালান্দার্সের হয়ে খেলেছিলেন রিশাদ হোসেন। বল হাতে ভালো পারফর্ম করলেও আসন্ন আসরের নিলামের আগে তাকে ধরে রাখেনি ফ্র্যাঞ্চাইজিটি।
পাকিস্তানের এই ফ্রাঞ্চাইজি লিগের নতুন নিয়ম অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরির চারজন খেলোয়াড় ধরে রাখতে পারবে দলগুলো, যা আগের মৌসুমে সর্বোচ্চ আটজন পর্যন্ত ছিল। শাহীন শাহ আফ্রিদি, সিকান্দার রাজা, আবদুল্লাহ শফিক ও মোহাম্মদ নাইমকে ধরে রেখেছে লাহোর কালান্দার্স।
গত আসরে এই ফ্রাঞ্চাইজির হয়ে খেলা রিশাদ হোসেনকে ছেড়ে দিয়েছে তারা। গতবার ৭ ম্যাচে ১৩ উইকেট নিয়েছিলেন রিশাদ।
কোয়েটা গ্লাডিয়েটর্স রিটেইন করেছে আবরার আহমেদ, উসমান তারিক, হাসান নাওয়াজ এবং শ্যামল হোসেনকে। তারা ছেড়ে দিয়েছে মোহাম্মদ আমির, রাইলি রুশো, মার্ক চ্যাপম্যান, খাওয়াজা নাফে এবং মোহাম্মদ ওয়াসিম জুনিয়রকে।
কারাচি কিংস রিটেইন করেছে হাসান আলী (প্লাটিনাম), খুশদিল শাহ (গোল্ড), আব্বাস আফ্রিদি (ডায়মন্ড) এবং সাদ বেগ (ইমার্জিং)। তারা ছেড়ে দিয়েছে শান মাসুদ, আমের জামাল, শাহনেওয়াজ দাহানিদের।
এইচজেএস