বিসিবির তিন দলীয় টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন তাসকিন

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। নিরাপত্তা উদ্বেগের কারণে ভারতের বাইরে খেলতে চেয়েছিল বাংলাদেশ। কিন্তু টাইগারদের বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে যুক্ত করেছে আইসিসি। ফলে এই সময়ে দেশের ক্রিকেটারদের খেলার মধ্যে রাখতে বিসিবি নতুন ঘরোয়া টুর্নামেন্ট আয়োজন করেছে।
আগামীকাল ৫ ফেব্রুয়ারি মাঠে গড়াতে যাওয়া এই আসরের নাম দেওয়া হয়েছে অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ ২০২৬। যেখানে অংশ নেবে মোট তিন দল। গেল রোববার তিন দলের স্বোয়াডও ঘোষণা করেছে বিসিবি। যেখানে ধূমকেতু দলের হয়ে খেলার কথা ছিল তাসকিন আহমেদের।
তবে সাইনাস রোগের কারণে এই টুর্নামেন্টে খেলা হচ্ছে না তাসকিনের। গেল দুই দিন আগে ডক্টর দেখিয়েছেন এই পেসার। ডক্টরের পরামর্শমতো আরও কয়েকদিন থাকতে হবে বিশ্রামে। যে কারণে তিনি ছিটকে গেলেন টুর্নামেন্ট থেকে। তাসকিনের বদলি হিসেবে টুর্নামেন্টে নতুন করে ধূমকেতু দলে ডাক পেয়েছেন পেসার মুকিদুল ইসলাম মুগ্ধ।
ঢাকা পোস্টকে বিসিবির বিশ্বস্ত একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
৩ দলের এই টুর্নামেন্টে ফাইনালসহ মোট ম্যাচ ৪টি। এই টুর্নামেন্ট ক্লাব হাউজ গ্যালারিতে বসে বিনামূল্যে দেখতে পারবেন শিক্ষার্থীারা। বিনামূল্যে খেলা দেখার জন্য স্কুল বা কলেজের ইউনিফর্ম অথবা আইডি কার্ড সঙ্গে রাখতে হবে বলে জানিয়েছে বিসিবি। আগামী ৫, ৬ এবং ৭ ফেব্রুয়ারি একে অপরের সঙ্গে একবার করে মোট তিনটি ম্যাচ খেলার পর ৯ ফেব্রুয়ারি হবে টুর্নামেন্টের ফাইনাল। প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়।
একনজরে টুর্নামেন্টে ধূমকেতু স্কোয়াড
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, মোহাম্মদ সাইফ হাসান (সহ-অধিনায়ক), মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, মুকিদুল ইসলাম মুগ্ধ, শরিফুল ইসলাম।
এসএইচ/এমজে