আইপিএল ইস্যুতে মুস্তাফিজকে যে প্রশ্ন করেছিলেন সালাউদ্দিন

আইপিএল নিলামে দল পাওয়ার পর নিরাপত্তা ইস্যুতে মুস্তাফিজুর রহমানকে বাদ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। এমন কাণ্ডের পর দুই দেশের কূটনৈতিক সম্পর্কে ব্যাপক অবনতি হয়। বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলতে রাজি হয়নি। এমনকি পাকিস্তানও ভারতের সঙ্গে ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে।
মুস্তাফিজকে আইপিএল থেকে সরানো। এরপর বাংলাদেশের বিশ্বকাপ বয়কট, পরে ভারত-পাকিস্তান ম্যাচ বয়কট। এত কিছুর পরও মুস্তাফিজ ঠিক আগের মতোই চুপচাপ। তাকে কি কিছু স্পর্শ করে না? জাতীয় দলের কোচ সালাউদ্দিনই প্রশ্নটি করেছিলেন মুস্তাফিজকে।
আজ বুধবার গণমাধ্যমকে সালাউদ্দিন বলেন, 'প্রশ্নটা আমি নিজেই মুস্তাফিজকে জিজ্ঞেস করেছিলাম যে আসলে তুমি কী ফিল করছ। ও বলেছে, লেট ইট গো। যেটা চলে গেছে, চলে গেছে।'
তবে মুস্তাফিজের মতো এমন ধারণা বা ব্যক্তিত্ব সবার হয় না বলেন সালাউদ্দিন, 'সবাই তো আর মুস্তাফিজের মতো হতে পারবে না। এটা হলেই ঐ প্লেয়ারের জন্য ভালো। যে জিনিস কন্ট্রোল করতে পারব না, কন্ট্রোল করতে চাইবও না। আপনার চাকরির ক্ষেত্রেও দেখুন, প্রমোশন দিবে কি দিবে না এটা মনে রাখলে হবে না।'
'মুস্তাফিজের কাছ থেকে এটা শেখার ভালো একটা জিনিস। এতগুলো টাকা বলেন, ও তো হতাশায় পড়তে পারত। সে জানে এটা নিয়ন্ত্রণের কিছু নেই, তার হাতে নেই। আমি মুস্তাফিজের কাছ থেকে এই জিনিসটা শিখেছি, অন্যরাও হয়ত শিখবে।'
এসএইচ/এইচজেএস