কখনো ইতালি যাননি স্মিট, সেই দেশের হয়েই খেলবেন বিশ্বকাপ

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতালির হয়ে খেলবেন জে জে স্মিট। অথচ তিনি কখনো ইতালির মাটিতে পা রাখেননি। দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণ করা এই অলরাউন্ডার তার স্ত্রীর মাধ্যমে ইতালির নাগরিকত্ব পেয়েছেন।
২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেছেন স্মিট। এই সময়ে ৬টি ওয়ানডে এবং ১৬টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। এরপর দীর্ঘ বিরতি, দক্ষিণ আফ্রিকার দলীয় কাঠামোর বিপুল সমস্যা এবং দলে তীব্র প্রতিযোগিতার কারণে তিনি দলে জায়গা ধরে রাখতে পারেননি।
অবশ্য স্মিট কখনো জাতীয়তা পরিবর্তন করে নতুন ক্যারিয়ার গড়ার পরিকল্পনা করতে রাজি ছিলেন না। তবে তার স্ত্রী জুদির চাওয়াতেই ইতালির হয়ে খেলার সিদ্ধান্ত নেন তিনি। এরপর তার পুরো পরিবারের জন্য ইতালিয়ান পাসপোর্টের ব্যবস্থা করেন।
ইতালির হয়ে খেললেও ৩৭ বছর বয়সে এসে যে বিশ্বকাপে খেলবেন তা তিনি কল্পনাও করেননি। তিনি বলেন, ‘আমি কখনো ভাবিনি যে বিশ্বকাপ খেলব, তবে আমি সবসময় আন্তর্জাতিক মানের অনুশীলন করতে চেষ্টা করেছি, যাতে প্রয়োজন হলে সেরাটা দিতে পারি।'
'দক্ষিণ আফ্রিকার হয়ে আমি খুব বেশি আন্তর্জাতিক ক্রিকেট খেলিনি, কিন্তু যথেষ্ট খেলে বুঝেছি বিষয়টা কেমন। আমার শেষ কয়েকটি ম্যাচে দক্ষিণ আফ্রিকার হয়ে আমি ভালো করেছি, তাই সেই আত্মবিশ্বাস নিয়েই ইতালির হয়ে খেলতে এলাম, জানি আন্তর্জাতিক মঞ্চের চ্যালেঞ্জ কী। আমি জানি এটা কত কঠিন হতে পারে, তবে জানি আমি এখনও এখানে অবদান রাখতে এবং ভালো পারফর্ম করতে পারি।'
এইচজেএস