বিজ্ঞাপন

ইয়াং টাইগার অনূর্ধ্ব-১৪ টুর্নামেন্ট

ওয়ালিদের নৈপুণ্যে ফাইনালে যশোর

অ+
অ-
ওয়ালিদের নৈপুণ্যে ফাইনালে যশোর

ইয়াং টাইগার অনূর্ধ্ব-১৪ খুলনা বিভাগীয় ক্রিকেটের দ্বিতীয় সেমিফাইনালে জয় পেয়েছে যশোর। আজ বৃহস্পতিবার খুলনা জেলা স্টেডিয়ামে কুষ্টিয়াকে ৫ উইকেট হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে আজিমুল হকের শিষ্যরা। দলের জয়ে অলরাউন্ড পারফরম্যান্স করেছেন ওয়ালিদ।

বিজ্ঞাপন

২০২৪ সালে চ্যাম্পিয়ন যশোর গত আসরে সেমিফাইনালে থেমে গেলেও চলতি আসরে আবারও শিরোপার খুব কাছে অবস্থান করছে। আগামীকালের ফাইনালে তাদের প্রতিপক্ষ সাতক্ষীরা।

এদিন সকালে টসে জিতে কুষ্টিয়া প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে ৪৫ ওভার অলআউট হওয়ার আগে ১৭৫ রান করে কুষ্টিয়া। ব্যাট হাতে কুষ্টিয়ার মাহাদি আহমেদ ৮৫ বলে ৯টি চার ও একটি ছয়ে ৭১ রান করেন। এছাড়া জাবের আলী ৯২ বলে ৭টি চারে ৪৩ ও অহন বিশ্বাস ১১ রান করেন।

বল হাতে যশোরের ওয়ালিদ ১০ ওভারে একটি মেডেনসহ ২৩ রানে ৫টি নেন। তৌকি আহনাফ নেন ২টি উইকেট। এছাড়া একটি করে উইকেটের দেখা পেয়েছেন আল জান্নাত জিহাদ ও আবু হেনা জাদেদ।

বিজ্ঞাপন

জবাবে ব্যাট করতে নেমে ৬৪ রানেই চার উইকেট হারিয়ে চাপে পড়ে যশোর। সেখান থেকে ওয়ালিদ প্রথমে বিদি রঞ্জন মণ্ডলকে নিয়ে বিপর্যয় সামাল দেন। পরে আরিয়ানকে নিয়ে ষষ্ঠ উইকেটে গড়েন ৭৯ রানের অপ্রতিরোধ্য জুটি। তাতেই ৪৭ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌছে যায় যশোর।

ব্যাট হাতে ওয়ালিদ ৯০ বলে ৭টি চারে অপরাজিত ৫১ করে মাঠ ছাড়েন। আরিয়ান ৩১ বলে ৬টি চারে অপরাজিত থেকে করেন ৩৮ রান। এছাড়া আবু বক্কর ৩০, বিদি রঞ্জন ২২ ও শাওন হোসাইন ২২ রান করেন।

এমএমএম/রেজওয়ান বাপ্পি

বিজ্ঞাপন