একাদশে সুযোগ না পাওয়া দিনগুলোর প্রতি কৃতজ্ঞ রিশাদ

বাংলাদেশ জাতীয় দলে এখন নিয়মিত সদস্য রিশাদ হোসেন। তবে বছর দুয়েক আগেও নিয়মিত ঘরোয়া লিগের একাদশেও সুযোগ পেতেন না এই লেগস্পিনার। সেই রিশাদ গত মাসে হোবার্ট হারিকেন্সের জার্সিতে বিগ ব্যাশ মাতিয়ে এলেন। বর্তমানের এই অবস্থানের জন্য অতীতে সুযোগ না পাওয়া দিনগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
রিশাদ আগেই দেশে ফিরেছিলেন। বিশ্বকাপ স্কোয়াডে থাকলেও দলেরই যখন টুর্নামেন্ট খেলতে যাওয়া হয়নি, বিকল্প হিসেবে তারা খেলছেন গতকাল থেকে শুরু হওয়া অদম্য টি-টোয়েন্টি লিগে। ধূমকেতুর হয়ে দুরন্তের বিপক্ষে প্রথম ম্যাচে রিশাদ দারুণ বোলিং করেছেন। ম্যাচ জয়ের পর দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসে রিশাদ জানান, একাদশে যখন নিয়মিত ছিলেন না তখনকার সময়ই তার জীবনের সেরা সময়। ওই সময় সুযোগ না পাওয়ার কারণেই নিজেকে নিয়ে কাজ করেছেন।
রিশাদ বলেন, ‘যখন খেলতে পারতাম না, ওটা আমার জন্য শিক্ষা ছিল। ওই সময় আমি নিজেকে নিয়ে অনেক এক্সপেরিমেন্ট করতে পেরেছি। ওটাই আমার জন্য সেরা সময় ছিল, নিজেকে গড়ে তুলতে পেরেছি।’

বিগ ব্যাশে হোবার্টের নিয়মিত একাদশের সদস্য ছিলেন রিশাদ। ফলে অস্ট্রেলিয়ার কন্ডিশনে পুরো একটি টুর্নামেন্ট খেলার অভিজ্ঞতা হয়েছে তার। বাংলাদেশের সঙ্গে তুলনা করে এই স্পিন তারকা বলেন, ‘এগুলো সবাই জানে– ওদের সবই ভিন্ন লেভেলের। সেসব চিন্তা করলে আমাদের এত কিছু নেই। খেলার যে পরিবেশ, এটা ওদের চেয়ে আমাদের আরও উন্নত করা সম্ভব। আপাতত এতটুকুই, হোটেল থেকে শুরু করে সব কিছু। বলা কঠিন, একেক দলের একেক পরিবেশ। বাংলাদেশও খারাপ না।’
‘দুই কন্ডিশন ভিন্ন– বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার। সবমিলিয়ে পরিবেশ থেকে শুরু করে খেলার মান সবই ভিন্ন পর্যায়ের। আমার মনে হয় এর চেয়ে বড় লেভেল আর নেই’, আরও যোগ করেন রিশাদ।
এসএইচ/এএইচএস