বাংলাদেশের নির্বাচনের পর ‘ইউটার্ন’ নেবে পাকিস্তান: চেতন শর্মা

ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানানোর কারণে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে আইসিসি। বাংলাদেশের প্রতি এমন অবিচারের কারণে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ খেলবে না বলে জানিয়েছে পাকিস্তান। কিন্তু ভারতীয় সাবেক পেসার চেতন শর্মার দাবি, বাংলাদেশের নির্বাচনের পর ‘ইউটার্ন’ নেবে তারা।
সম্প্রতি সালাম ক্রিকেট ২০২৬ নামক এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় চেতন শর্মা এমন মন্তব্য করেন।
চেতন শর্মার মতে, বাংলাদেশে ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পাকিস্তানের বর্তমান অবস্থান মূলত এই নির্বাচনকেন্দ্রিক রাজনৈতিক সমীকরণের অংশ।
তিনি বিশ্বাস করেন, ১২ তারিখের পর পাকিস্তান সরকার একটি বিবৃতি দিয়ে বলবে, ‘‘জনগণের আবেগের কথা বিবেচনা করে এবং ক্রিকেটের স্বার্থে পাকিস্তান ভারতের বিপক্ষে খেলবে।’’
একজন রাজনীতিবিদ হিসেবে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে শর্মা বলেন, ‘‘সম্ভবত পাকিস্তানের সেনাপ্রধান নিজেই হস্তক্ষেপ করবেন এবং খেলাধুলাকে রাজনীতি থেকে দূরে রাখার কথা বলে ম্যাচটি খেলার সবুজ সংকেত দেবেন।’’
পাকিস্তান এখন পর্যন্ত আইসিসিকে আনুষ্ঠানিকভাবে বয়কটের বিষয়ে কিছু জানায়নি। এ বিষয়ে তিনি বলেন, ‘‘বিবৃতি দিয়ে কোনো লাভ নেই যতক্ষণ না অফিশিয়াল কোনো চিঠি দেওয়া হচ্ছে। কেউ চাইলেই অবসরের ঘোষণা দিতে পারে, কিন্তু অফিশিয়াল না হওয়া পর্যন্ত তার কোনো মূল্য নেই।’’
এদিকে পাকিস্তানি অধিনায়ক স্পষ্ট করেছেন যে, ভারতের বিপক্ষে খেলা বা না খেলার সিদ্ধান্ত সম্পূর্ণ তাদের সরকারের হাতে। সেমিফাইনাল বা ফাইনালে যদি ভারতের মুখোমুখি হতে হয়, তবে আবারও সরকারের অনুমতির প্রয়োজন হবে।
আর ভারতীয় অধিনায়ক নিশ্চিত করেছেন যে, ভারত পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী কলম্বোয় যাবে। পাকিস্তান খেলবে কি না, তা একান্তই তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত।
এমএমএম/