ফিট আছি, এখনও ক্রিকেট খেলতে চাই : মাহমুদউল্লাহ

সবশেষ বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ব্যাট হাতে নিজের সক্ষমতার জানান দিয়েছেন তিনি। তবে চলমান অদম্য কাপে দেখা যায়নি মাহমুদউল্লাহকে। মূলত জাতীয় দল ও তার আশেপাশে থাকা ক্রিকেটারদের নিয়েই আয়োজন করা হয়েছে এই টুর্নামেন্ট।
তবে এখানে সুযোগ না পাওয়া নিয়ে আক্ষেপ নেই মাহমুদউল্লাহর। আজ গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি বলেন, 'আমি আর কারেন্ট ক্রিকেটার নই। জাতীয় দলের বিবেচনার থাকার মতো নই। আমার খেলা আমি খেলেছি, আলহামদুলিল্লাহ। বাংলাদেশ দলের হয়ে দারুণ জার্নি ছিল। এখন যারা জাতীয় দলে খেলছে বা জাতীয় দলের যোগ্য, তারাই এই টুর্নামেন্টে খেলবে। আমি ঘরে বসে আছি, নিজের কাজ করছি, এতেই আমি খুশি।'
এ সময় মাহমুদউল্লাহ আরও জানান, 'আমি জানি না লাইফ কোনদিকে যাবে। এখন জীবন উপভোগ করছি। এখনও ফিট আছি, এখনও ক্রিকেট খেলতে চাই। সব নির্ভর করছে শরীর ও ফিটনেসের ওপর, পারফরম্যান্সের ওপর। যদি মনে করি আমার আর ক্ষুধা ও তাড়না নেই, আমি খেলব না। যতদিন আছে, খেলে যাব।'
'অনেক কিছুর ওপর নির্ভর করে। এখনই বলা সম্ভব না। ১৮ বছর আল্লাহর রহমতে বাংলাদেশ দলে খেলার সৌভাগ্য হয়েছে। এখন বিপিএল, প্রিমিয়ার লিগ, আবার যদি কিছু ফ্র্যাঞ্চাইজি লিগেও সুযোগ পাই… আমি উপভোগ করছি, আলহামদুলিল্লাহ।'
এসএইচ/এফআই