পিএসএল ড্রাফটে অর্ধশত বাংলাদেশি, সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি ২০ লাখ রুপি

ভারতের আইপিএল নিলামে একমাত্র বাংলাদেশি হিসেবে মুস্তাফিজুর রহমান দল পেলেও শেষ পর্যন্ত বাদ পড়েন, যা টালমাটাল করে দিয়েছে ভূরাজনীতিকে। ভারত-বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েন আরও বেড়েছে। এদিকে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বন্ধন আরও শক্তিশালী হয়েছে। তারই প্রভাব পড়ল পাকিস্তান সুপার লিগের ড্রাফটে বাংলাদেশি ক্রিকেটারের আধিক্য।
আজ (শনিবার) পাকিস্তান ক্রিকেট বোর্ড পিএসএলের জন্য ড্রাফটের তালিকা প্রকাশ করেছে, সেখানে জায়গা পেয়েছেন ৫০ বাংলাদেশি খেলোয়াড়, যা পাকিস্তানের বাইরের কোনো দেশ থেকে তৃতীয় সর্বোচ্চ খেলোয়াড়ের উপস্থিতি। অস্ট্রেলিয়ার ৬০ জন ও ওয়েস্ট ইন্ডিজের ৫৭ খেলোয়াড় আছেন এই তালিকায়।
একমাত্র বাংলাদেশি হিসেবে মুস্তাফিজ ইতোমধ্যে দল পেয়ে গেছেন। সরাসরি চুক্তির ছয় খেলোয়াড়ের একজন হয়ে তিনি লাহোর কালান্দার্সে। তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান, উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম ও জাকির হাসান শিরোনামে। বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ ভিত্তিমূল্য এই তিনজনের- ২ কোটি ২০ লাখ রুপি।
এছাড়া জাতীয় দলে খেলা ক্রিকেটারের সংখ্যাও চোখে পড়ার মতো। টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস, ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম- প্রত্যেকে ১ কোটি ১০ লাখ পাকিস্তানি রুপি ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে।
৬০ লাখ রুপি ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে আছেন মোহাম্মদ নাঈম, সাব্বির রহমান, আকবর আলী ও আলিস আল ইসলামের মতো ক্রিকেটাররা। এছাড়া নিলামের জন্য নাম উঠেছে আরও আনক্যাপড খেলোয়াড়ের।
শ্রীলঙ্কা থেকে ৪৭ জন, আরব আমিরাতের ৩৭, আফগানিস্তানের ৩৬, ইংল্যান্ডের ৩৫, দক্ষিণ আফ্রিকার ৩৩ ও নিউজিল্যান্ডের ৩২ খেলোয়াড়ের নাম আছে ড্রাফটে। এছাড়া যুক্তরাষ্ট্রের ২০, আয়ারল্যান্ডের ১৩ ও জিম্বাবুয়ের ১১ খেলোয়াড় নাম নিবন্ধন করেছেন। বেলজিয়াম থেকেও আছেন ১০ জন। নেপাল ও নেদারল্যান্ডসের ৯ জন করে খেলোয়াড় নিলামে থাকছেন। ইতালির আট, ওমানের ৬, নামিবিয়া ও কানাডার ৫ জন করে খেলোয়াড় আছেন। হংকং, মালয়েশিয়া, মালাবি ও রুয়ান্ডা থেকেও ২ জন করে খেলোয়াড়ের নাম উঠেছে। আগামী ১১ ফেব্রুয়ারি হবে নিলাম।
২ কোটি ২০ লাখ রুপি- সাকিব আল হাসান, মুশফিকুর রহিম এবং জাকির হাসান
১ কোটি ১০ লাখ রুপি- রিশাদ হোসেন, হাসান মাহমুদ, জিশান আলম, লিটন দাস, মাহফুজুর রহমান রাব্বি, মাহমুদুল হাসান জয়, নাহিদ রানা, তানভীর ইসলাম, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, পারভেজ হোসেন ইমন, নুরুল হাসান সোহান, রিপন মন্ডল, শেখ মাহেদী হাসান, শামীম হোসেন পাটোয়ারী, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, তানজিদ হাসান তামিম, তাসকিন আহমেদ, তাওহীদ হৃদয় এবং ইয়াসির আলী।
৬ লাখ রুপি- আব্দুল গাফফার সাকলাইন, আবু হায়দার রনি, আফিফ হোসেন ধ্রুব, আহরার আমিন, আকবর আলী, আলিস আল ইসলাম, আরিফুল ইসলাম, আরিফুল ইসলাম জুনিয়র, জাকের আলী অনিক, খালেদ আহমেদ, মাহিদুল ইসলাম অঙ্কন, নাসির হোসেন, সাব্বির রহমান, মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুণ, মোহাম্মদ নাঈম, মোহাম্মদ সাইফউদ্দিন, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাসুম আহমেদ, নাঈম হাসান, রকিবুল হাসান, রনি তালুকদার, সাইফ হাসান, শহিদুল ইসলাম, সৌম্য সরকার এবং তানজিম হাসান সাকিব।
এফএইচএম/