বিশ্বকাপ শুরুর দিনই শেফার্ডের হ্যাটট্রিক

আজ পর্দা উঠেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরের। বিতর্ক সঙ্গী করে মাঠে গড়ানো এই টুর্নামেন্টের প্রথম দিনে মাঠের লড়াই ভালোই জমেছে। ম্যাচ হারলেও পাকিস্তানকে ভয় ধরিয়েছিল নেদারল্যান্ডস। পরের ম্যাচে ক্যারিবিয়ানদের চোখে চোখ রেখে লড়েছে স্কটল্যান্ড।
রোমাঞ্চকর ম্যাচের পাশাপাশি আসরের প্রথম দিনেই হ্যাটট্রিক দেখেছে ক্রিকেট ভক্তরা। ক্যারিয়ার সেরা বোলিংয়ে পাঁচ উইকেট নেওয়ার ম্যাচে হ্যাটট্রিকও করলেন ওয়েস্ট ইন্ডিজের পেস বোলিং অলরাউন্ডার রোমারিও শেফার্ড।
কলকাতার ইডেন গার্ডেন্সে শনিবার বিকেলে স্কটিশদের বিপক্ষে ম্যাচের দ্বিতীয় ইনিংসের ১৭তম ওভারে হ্যাটট্রিক করেছেন শেফার্ড। ওভারের দ্বিতীয় বলে ওয়াইড ইয়র্কারে ক্যাচ দিয়েছেন ম্যাট ক্রস। পরের বলে ছক্কা মারতে গিয়ে ডিপ মিড উইকেটে ধরা পড়েন মাইকেল লিস্ক। পরের বলে ওলিভার ডেভিডসনকে বোল্ড করে হ্যাটট্রিক পূরণ করেন শেফার্ড।
হ্যাটট্রিক করার পর একটি ডট বল করে ওভারের শেষ বলে আবারো উইকেট তুলে নেন শেফার্ড। পাঁচ বলে চার উইকেট নেওয়ার মধ্য দিয়ে পূর্ণ হয় শেফার্ডের ক্যারিয়ারের প্রথম ৫ উইকেট। সব মিলিয়ে ২০ রানে ৫ উইকেট নেন তিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এটি দশম হ্যাটট্রিক। ৯ জন বোলার মিলে করেছেন এই ১০টি হ্যাটট্রিক। প্যাট কামিন্স একাই দুইবার গড়েছেন এমন কীর্তি।
এইচজেএস