‘আজই পাকিস্তানকে বিদায় করে দিতে পারতাম’

নেদারল্যান্ডসের বিপক্ষে ঝোড়ো শুরু পাওয়ার পর ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। ১৬ রানের ব্যবধানে ৫ উইকেট হারিয়ে যেন ‘আনপ্রেডিক্টেবল’ তকমা প্রমাণেই মরিয়া ছিল সালমান আলি আগার দল। তবে এক ক্যাচ মিসেই শেষ নেদারল্যান্ডসের স্বপ্ন, জীবন পেয়ে ঝোড়ো ব্যাটিংয়ে তাদের হার নিশ্চিত করেছেন ফাহিম আশরাফ। তার ১১ বলে ২৯ রানের ক্যামিওতে ৩ বল এবং ৩ উইকেট হাতে রেখে জিতে বিশ্বকাপ শুরু করল পাকিস্তান।
ফাহিম আশরাফের ক্যাচ মিসকেই ম্যাচের টার্নিং পয়েন্ট বলে মনে করছেন ডাচ পেসার পল ফন মিকেরেন। তিনি বলেন, 'ক্রিকেট সম্পর্কে সামান্য জ্ঞান আছে এমন যে কেউই জানে, ওই ক্যাচটাই আসলে ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল। যেখানে আমরা ম্যাচটা হেরেছি।'
শেষদিকে দুর্দান্ত বোলিং করা নেদারল্যান্ডস জয়ের বড় সম্ভাবনা জাগিয়েও জিততে পারেনি। এই হার কোনভাবেই মেনে নিতে পারছেন না মিকেরেন, 'শেষ পর্যন্ত কাউকে তো হারতেই হয়, আর আমরাই আমাদেরকে হারিয়েছি। এই ম্যাচে জয় আমাদের প্রাপ্য ছিল।'
'এমনকি আজকের ম্যাচের পরই হয়তো পাকিস্তানকে টুর্নামেন্ট থেকে বিদায় করে দিতে পারতাম। তাই এটা দুঃখজনক, কিন্তু যা হওয়ার হয়ে গেছে।'-যোগ করেন তিনি।
এইচজেএস