আড়াই কোটি টাকা প্রাইজমানির টুর্নামেন্টের ফাইনাল আজ

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল না থাকায় এই সময়ে বিকল্প আরেকটি টুর্নামেন্ট আয়োজন করেছে বিসিবি। গত বৃহস্পতিবার থেকে তিন দল নিয়ে সংক্ষিপ্ত সংস্করণের এই প্রতিযোগিতা শুরু হয়েছে।
টুর্নামেন্টে সবচেয়ে কমবয়সী ও সদ্য অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলে আসা ক্রিকেটারদের নিয়ে গড়া হয়েছিল ইমার্জিং স্কোয়াডের দল দুরন্ত একাদশ। এ ছাড়া ছিল জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে ধূমকেতু এবং ‘এ’ দলের ক্রিকেটারদের নিয়ে দুর্বার দল।
ইতোমধ্যে তিন দলের এই টুর্নামেন্টের গ্রুপ পর্বের খেলা শেষ হয়েছে। আজ (সোমবার) মাঠে গড়াবে টুর্নামেন্টটির ফাইনাল ম্যাচ। মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে লিটন দাসের ধূমকেতু একাদশ ও নাজমুল হোসেন শান্তর দুর্বার একাদশ। সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি।
আড়াই কোটি টাকা প্রাইজমানির টুর্নামেন্ট অবশ্য সেভাবে সাড়া ফেলতে পারেনি। একটি ম্যাচে ছিল কেবল উত্তেজনা। সেভাবে ছিল না খুব বেশি দর্শক। নাজমুলের দুর্বার একাদশ টুর্নামেন্টে দুটি জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। অপরদিকে লিটনের ধূমকেতু একটি জয় নিয়ে ফাইনালে উঠেছে। তরুণদের নিয়ে গড়া দুর্দান্ত একাদশ কোনো জয় পায়নি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মূলত খেলোয়াড়দের মনোবল ধরে রাখতে এবং কিছুটা আর্থিক সুবিধা নিশ্চিত করতে বিশ্বকাপের সময় এই টুর্নামেন্ট আয়োজন করেছে। বিসিবি তিনটি গ্রুপে ভাগ করে দেয় ক্রিকেটারদের। বিশ্বকাপের দল নিয়ে গঠিত হয় ধূমকেতু একাদশ। তবে টুর্নামেন্টে তরুণদের কেউ তেমন ভালো করতে পারেননি।
এসএইচ/এফআই