২৯৯ রানে আউট হয়ে ব্র্যাডম্যানের রেকর্ডে ভাগ বসালেন ভারতীয় ব্যাটার

ভারতের রঞ্জি ট্রফিতে অন্ধ্রপ্রদেশের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচে ২৯৯ রান করে আউট হয়েছেন বাংলার সুদীপ ঘরামি। ট্রিপল সেঞ্চুরি থেকে এক রান দূরে থাকা অবস্থায় তিনি আউট হয়েছেন শেখ রশিদের বলে। তিনশর ম্যাজিক ফিগার স্পর্শ না করলেও বাংলার এই ব্যাটার ছুঁয়ে ফেলেছেন ডন ব্র্যাডম্যানের কীর্তি। পাশাপাশি, প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে আরও একটি রেকর্ড গড়েছেন তিনি।
বিশ্ব ক্রিকেটে ২৯৯ রানে আউট হওয়ার সংখ্যা খুব বেশি নয়। সুদীপের আগে মাত্র চার জন ক্রিকেটার ২৯৯ রানে থেমেছেন। প্রথম কীর্তি ব্র্যাডম্যানের। ১৯৩২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অ্যাডিলেড টেস্টে তিনি ২৯৯ রানে আউট হয়েছেন। এর পর ১৯৮৯ সালে নিউজিল্যান্ডের মার্টিন ক্রো শ্রীলঙ্কার বিপক্ষে একটি টেস্টে ২৯৯ রানে আউট হন।
শেষ বার এমনটা ঘটেছিল ২০০৬ সালে। কাউন্টি ম্যাচে গ্ল্যামারগনের মাইক পাওয়েল ২৯৯ রানে আউট হয়ে যান গ্লস্টারশায়ারের বিপক্ষে। এবার সুদীপ সেই তালিকায় নতুন সংযোজন। এর মাঝে ১৯৮৯-এ মহারাষ্ট্রের শান্তনু সুগবেকর ২৯৯ রানে অপরাজিত ছিলেন মধ্যপ্রদেশের বিপক্ষে। তিনি এখনও পর্যন্ত একমাত্র অপরাজিত থাকা ক্রিকেটার।
প্রথম শ্রেণির ক্রিকেটে ভারতের কোনো ক্রিকেটার ২৯৯ রানে আউট হননি। সুদীপ সেই তালিকায় প্রথম। নিশ্চিত ত্রিশতরান অপেক্ষা করছিল তার জন্য। কিন্তু এক রান আগেই থামতে হয়েছে।
প্রথমে ব্যাট করে অন্ধ্রপ্রদেশের ২৯৫ রানের জবাবে বাংলা তুলেছে ৬২৯। সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে তারা। সুদীপের ৫৯৬ বলের ইনিংসে রয়েছে ৩১টি চার এবং ৬টি ছক্কা।
এইচজেএস