নামিবিয়া ম্যাচে কি অভিষেককে পাচ্ছে ভারত?

পেটের সংক্রমণে হাসপাতালে ভর্তি আছেন অভিষেক শর্মা। আগামীকাল (বৃহস্পতিবার) দিল্লিতে নামিবিয়ার বিপক্ষে তার খেলা নিয়ে অনিশ্চয়তা বেড়েই চলেছে। আজ (বুধবার) সকালে পিটিআই এক প্রতিবেদনে জানিয়েছে এই খবর।
দুই দিন ধরে হাসপাতালে চলছে অভিষেকের চিকিৎসা। পিটিআই-কে বিসিসিআই সূত্র বলেছেন, ‘পেটের সংক্রমণের কারণে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন অভিষেক। সমস্যা নির্ণয় করতে কিছু পরীক্ষা করা হয়েছে। এখনো পরিষ্কার না যে তিনি আজ হাসপাতাল থেকে ছাড়া পাবেন কি না। কিন্তু এখন পর্যন্ত নামিবিয়ার বিপক্ষে তার খেলা নিয়ে সন্দেহ আছে।’
বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচে অভিষেক প্রথম বলে ডাক মারেন। অসুস্থ হলেও তাকে ঝুঁকি নিয়ে মাঠে নামায় ভারত। পরে যুক্তরাষ্ট্রের রান তাড়ায় ফিল্ডিং করতে দেখা যায়নি তাকে। ভারতের সহকারী কোচ রায়ান টেন ডেসকাট নিশ্চিত করেন, পেটের সংক্রমণের সঙ্গে লড়ছেন অভিষেক।
নামিবিয়া ম্যাচের জন্য অভিষেক প্রস্তুত না হতে পারলে ভারত ওপেনিংয়ে সাঞ্জু স্যামসনকে নামাতে পারে। গত মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে রানখরার মধ্যে থাকায় প্রথম সারির উইকেটকিপার-ব্যাটার হিসেবে তার স্থলাভিষিক্ত করা হয় ইশান কিষাণকে।
অভিষেককে নিয়ে শঙ্কা থাকলেও ভারতের জন্য ভালো খবর আছে। অসুস্থতার কারণে যুক্তরাষ্ট্র ম্যাচে দর্শক হয়ে থাকা জসপ্রীত বুমরাহ নামিবিয়ার বিপক্ষে খেলতে নামছেন। গতকাল (মঙ্গলবার) দিল্লিতে ভারতের ট্রেনিংয়ে ছিলেন তিনি, পূর্ণ উদ্যোমে বলও করেছেন। এছাড়া নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ চলাকালে সাইড টিয়ারে পড়া ওয়াশিংটন সুন্দর সুস্থ হয়ে উঠেছেন। গতকাল নেটে বোলিংয়ের পাশাপাশি ব্যাটও করেছেন।
এফএইচএম/