পিএসএলে মুস্তাফিজ-রিশাদ-রানা-ইমন, সতীর্থ হিসেবে যাদের পেলেন

প্রথমবারের মতো পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নিলাম অনুষ্ঠিত হয়েছে গতকাল (বুধবার)। যেখানে বাংলাদেশের তিন ক্রিকেটার (রিশাদ হোসেন, নাহিদ রানা ও পারভেজ হোসেন ইমন) দল পেয়েছেন। তবে নিলামের আগেই সরাসরি ভিত্তিতে লাহোর কালান্দার্সের সঙ্গে চুক্তি সেরেছিলেন মুস্তাফিজুর রহমান। সব ঠিকঠাক থাকলে পিএসএলে দেখা যাবে বাংলাদেশের চার ক্রিকেটারকে। আগামী ২৬ মার্চ থেকে ৩ মে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির একাদশ আসর অনুষ্ঠিত হবে।
২০১৬ সাল থেকে যাত্রা শুরু করে পাকিস্তানের জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগ। গত ১০ আসরে ড্রাফট পদ্ধতিতে পছন্দের ক্রিকেটারদের নিয়ে স্কোয়াড সাজাতো দলগুলো। পিএসএলের প্রথম এই নিলামে বাংলাদেশের ৫৩ ক্রিকেটার নাম নিবন্ধন করেছিলেন। তাদের মধ্যে থেকে ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহে দল পেলেন ৪ জন। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বর্তমানে অন্যতম আলোচিত নাম মুস্তাফিজ নিলামের আগেই এবার পিএসএলে দল পেয়েছেন।
আসন্ন আইপিএলে রেকর্ড সর্বোচ্চ ৯ কোটি ২০ লাখ টাকায় কলকাতা নাইট রাইডার্স কিনেছিল এই কাটার মাস্টারকে। কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর বিক্ষোভের মুখে আইপিএলের ৮ আসরে খেলা মুস্তাফিজকে বিসিসিআইয়ের নির্দেশনায় কলকাতার স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়। তাকে কেন্দ্র করে বাংলাদেশের বিশ্বকাপ থেকে বাদ পড়া এবং পাকিস্তানের বয়কট ঘোষণা ও নাটকীয়ভাবে সিদ্ধান্ত পরিবর্তনের মতো হুলুস্থুল কাণ্ড ঘটে গেছে। আলোচিত পেসার ফিজ এবারের পিএসএলে সাড়ে ৬ কোটি রুপি পারিশ্রমিকে খেলবেন লাহোর কালান্দার্সের হয়ে।
মুস্তাফিজের সঙ্গে লাহোরের হয়েই খেলবেন বাঁ-হাতি ওপেনার পারভেজ হোসেন ইমনও। নিলামে ফ্র্যাঞ্চাইজিটি তাকে ৬০ লাখ রুপিতে কিনে নিয়েছে। এ ছাড়া ১ কোটি ১০ লাখ পাকিস্তানি রুপিতে রিশাদ হোসেনকে রাওয়ালপিন্ডি এবং ৬০ রাখ রুপিতে নাহিদ রানাকে নিয়েছে পেশোয়ার জালমি। নিলামে নাম উঠলেও দল পাননি বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান, বর্তমান অধিনায়ক লিটন দাস, মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ।
সতীর্থ হিসেবে পিএসএলে যাদের পেলেন বাংলাদেশি তারকারা
লাহোর কালান্দার্স : শাহিন শাহ আফ্রিদি, আব্দুল্লাহ শফিক, সিকান্দার রাজা, মোহাম্মদ নাইম, মুস্তাফিজুর রহমান, হারিস রউফ, উসামা মির, ফখর জামান, উবায়েদ শাহ, হাসিবুল্লাহ খান, মোহাম্মদ ফারুক, দাসুন শানাকা, পারভেজ হোসেন ইমন, আসিফ আলি, তৈয়ব তাহির ও গুদাকেশ মোতি।
পেশোয়ার জালমি : বাবর আজম, সুফিয়ান মুকিম, আব্দুল সামাদ, আলি রাজা, অ্যারন হার্ডি, আমির জামাল, মোহাম্মদ হারিস, খালিদ উসমান, আব্দুল সুবহান, জেমস ভিন্স, মাইকেল ব্রেসওয়েল, কুশল মেন্ডিস, ইফতিখার আহমেদ, নাহিদ রানা ও মির্জা তাহির বেগ।
রাওয়ালপিন্ডি : মোহাম্মদ রিজওয়ান, স্যাম বিলিংস, জামান খান, ইয়াসির খান, নাসিম শাহ, রিশাদ হোসেন, ড্যারিল মিচেল, মোহাম্মদ আমির, আব্দুল্লাহ ফজল, আমাদ বাট, ডিয়ান ফরেস্টর, লরি ইভানস, আসিফ আফ্রিদি, কামরান গুলাম, ফাওয়াদ আলি, মোহাম্মদ আমির খান এবং শাহজাইব খান।
এএইচএস