ভারত পাকিস্তানের কাছে হারলে শেষ আটের সমীকরণ কী হবে?

কয়েক দিনের আলোচনার পর ভারতের বিপক্ষে প্রাথমিকভাবে বিশ্বকাপ ম্যাচ বয়কট করা পাকিস্তান সিদ্ধান্ত পাল্টেছে। আগামী রোববার নির্ধারিত সূচি অনুযায়ী হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এই ম্যাচ। বেশ কিছু দিন ধরে অনিশ্চয়তার পর দুই দল কলম্বোতে মুখোমুখি হচ্ছে।
‘এ’ গ্রুপে দুই দলই জয়ের ধারায় আছে। দুই ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে ভারত টেবিলের শীর্ষে। নেট রান রেটেও (৩.০৫০) তারা বেশ বড় ব্যবধানে এগিয়ে। যুক্তরাষ্ট্রকে ৯৩ রানে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছিল ভারত। তারপর দিল্লিতে ৯৩ রানে নামিবিয়াকে উড়িয়ে দিয়েছে তারা।
অন্যদিকে, পাকিস্তান টেবিলের দ্বিতীয় স্থানে। তারাও দুই ম্যাচ থেকে পেয়েছে চার পয়েন্ট। নেট রান রেট ০.৯৩২। নেদারল্যান্ডসকে তিন উইকেটে হারানোর পর আমেরিকার বিরুদ্ধে তাদের জয় ৩২ রানে।
দুই দলই অপরাজিত থাকলেও সুপার এইটের জন্য আসন্ন ম্যাচটি জিততেই হবে, তা নয়। তবে ম্যাচটি গুরুত্বপূর্ণ হতে পারে গ্রুপের শীর্ষে থাকার ক্ষেত্রে। গ্রুপের শীর্ষ দুটি দল যাবে সুপার এইটে। ভারত যদি পাকিস্তানের কাছে হারে, তবুও তিন ম্যাচে পয়েন্ট থাকবে চার। একই গ্রুপের অন্য খেলায় নেদারল্যান্ডস যুক্তরাষ্ট্রকে হারালে তারা সমান পয়েন্ট অর্জন করবে। অবশ্য নেট রান রেটে ডাচদের ওপরেই থাকবে ভারত। তখন শেষ ম্যাচে এই দুই দলের খেলা হবে খুব গুরুত্বপূর্ণ, যাকে বলে বাঁচা মরার লড়াই। সেই ম্যাচ জিতলে ভারত মোট ৬ পয়েন্ট পাবে এবং পাকিস্তানের সঙ্গে পরের পর্ব নিশ্চিত করতে পারবে। কিন্তু ডাচদের কাছে ম্যাচটি হারলে ছিটকে যেতে পারে ভারত। আর ভারতের বিপক্ষে জিতলে পাকিস্তান সুপার এইটে এক পা দিয়ে রাখবে, নামিবিয়ার বিপক্ষে এক ম্যাচ হাতে রেখে ৬ পয়েন্ট হবে তাদের।
ইতিহাস বলে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ওপর ছড়ি ঘুরিয়েছে ভারত। আগের আটবারের দেখায় ভারত জিতেছে সাতটি, পাকিস্তান পেরেছে এক ম্যাচ জিততে। সেই একমাত্র জয় এসেছে ২০২১ সালের দুবাইয়ের মঞ্চে, ১০ উইকেটে ভারতকে হারায় তারা।
এফএইচএম/