সশস্ত্র নিরাপত্তাকর্মী, বিশেষ ট্র্যাফিক— কলম্বোতে থাকছে কড়া নিরাপত্তা

নিরপেক্ষ ভেন্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচ খেলতে নামছে ভারত ও পাকিস্তান। কলম্বো স্টেডিয়ামে দুই দলের এই উত্তেজনাপূর্ণ ম্যাচ ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে— শনিবার এই তথ্য দিয়েছে শ্রীলঙ্কা পুলিশ।
নিরাপত্তার সঙ্গে কোনো আপস করা হবে না বলে সাংবাদিকদের জানিয়েছেন পুলিশের মুখপাত্র এফ টি উটলার, ‘আমরা, শ্রীলঙ্কা পুলিশ, একটি খুবই বিশেষ ট্র্যাফিক ও নিরাপত্তা ব্যবস্থার বন্দোবস্ত করেছি।’
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে আইসিসি বাদ দেওয়ার পর তাদের প্রতি সংহতি জানাতে ভারত ম্যাচ বয়কট করার ঘোষণা দিয়েছিল পাকিস্তান। এই সিদ্ধান্ত থেকে তাদের সরিয়ে আনতে আইসিসি, বাংলাদেশ এবং শ্রীলঙ্কার বোর্ড আলোচনা চালিয়ে গেছে। শ্রীলঙ্কা সরকারও তাদের সিদ্ধান্ত পাল্টাতে অনুরোধ করে। শেষ পর্যন্ত ম্যাচটি খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।
ভারত-পাকিস্তান ম্যাচকে ঘিরে যে নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা ছিল শ্রীলঙ্কার, পিসিবির বয়কটের সিদ্ধান্তে সেটি প্রায় অকার্যকর হয়ে পড়ছিল। তবে বিশ্বকাপ চলাকালে সিদ্ধান্তে বদল আসার পর নতুন করে এই নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে লঙ্কান সরকার।
উটলার বলেছেন, নিরাপত্তাকর্মীরা সার্বক্ষণিক সঙ্গ দেবেন দুই দলকে, ‘বিমানবন্দরে নামার পর থেকে আবার ফিরে যাওয়ার জন্য বিমানে ওঠার আগমুহূর্ত পর্যন্ত সবসময় সশস্ত্র নিরাপত্তাকর্মীরা মোতায়েন থাকবে।’
ম্যাচ শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায়। দর্শক-সমর্থকদের চার ঘণ্টা আগে স্টেডিয়ামে আসার অনুরোধ করেছেন এই পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, ‘সব গেট খোলা হবে বিকেল ৩টায়। আমরা সবাইকে অনুরোধ করছি, যত তাড়াতাড়ি সম্ভব মাঠে চলে আসুন।’
এফএইচএম/