পাকিস্তানের সঙ্গে কি হাত মেলাবে ভারত, ২৪ ঘণ্টা অপেক্ষা করতে বললেন সূর্য

ভারত-পাকিস্তানের ম্যাচের আগে একটি সাধারণ প্রশ্ন ঘুরে ফিরে হলো সংবাদ সম্মেলনে। পাকিস্তান অধিনায়ক সালমান আগা রহস্য রেখে দিলেন। স্পষ্ট করে কিছু বললেন না তিনি। পরে সংবাদ সম্মেলনে এসে এই ইস্যুতে মুখে কুলুপ এঁটেছেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবও।
জম্মু-কাশ্মিরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তানের শত্রুতায় নতুন মাত্রা যুক্ত হয়েছে, যা ছড়িয়ে পড়েছে ক্রিকেটেও। গত বছর সেপ্টেম্বরে অনুষ্ঠিত এশিয়া কাপে দুই দলের খেলায় শুধু একে অন্যের মুখ না দেখানোই যেন বাকি ছিল! ভারত-পাকিস্তান মুখোমুখি হলেই সবার নজর থাকে একটি ব্যাপারে— এবার কি হাত মেলাবেন দুই দলের খেলোয়াড়রা? টি-টোয়েন্টি বিশ্বকাপে হাইভোল্টেজ ম্যাচের আগেও একই প্রশ্ন শুনতে হলো পাকিস্তান ও ভারতের দুই অধিনায়ককে।
পাকিস্তানের সংবাদ সম্মেলনে সালমানের কাছে জানতে চাওয়া হয়, ভারত যদি ইচ্ছা প্রকাশ করে তাহলে কি হাত মেলাবে পাকিস্তানের খেলোয়াড়রা। অবশ্যই হাত মেলাবেন বা একদমই নয়, এমন কিছু বলেননি সালমান, ‘আমরা কাল জানতে পারব।’ তবে ক্রিকেট চেতনা ধরে রেখে ম্যাচটি দুই দলকে খেলার আহ্বান জানিয়েছেন তিনি।
পরে সূর্যকুমারকে প্রশ্ন করা হয়, টসের সময় ও ম্যাচের পরে পাকিস্তানের সঙ্গে হাত মেলানোর ইচ্ছা ভারতের আছে কি না? ভারতের অধিনায়ক বলেন, ‘টসের সময় আমরা হাত মেলানো নিয়ে ভাবব। ২৪ ঘণ্টা অপেক্ষা করুন। আমরা ভালো ক্রিকেট খেলব, তারপর এটা নিয়ে সিদ্ধান্ত নেব। ভালোভাবে ঘুমান এবং ভালো কিছু খান, ২৪ ঘণ্টা অপেক্ষা করুন।’
গত বছর এশিয়া কাপে ভারত ও পাকিস্তান তিনবার মুখোমুখি হলেও একবারও হাত মেলাননি দুই অধিনায়ক সূর্যকুমার যাদব ও সালমান। দুই দেশের রাজনৈতিক বিরোধের জেরে একই ধারা চলেছে এশিয়া কাপ রাইজিং স্টার্স ম্যাচেও। মেয়েদের বিশ্বকাপেও দুই দেশের অধিনায়ক হাত মেলাননি। সবশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও একই ঘটনা ঘটে। এবার কি এই রেষারেষির অবসান হচ্ছে! জানা যাবে কাল টসের সময়ই।
এফএইচএম/