আইনি পথেই এগোতে চান ঢাকার ক্লাব-কর্তারা

গত বছরের নভেম্বরে দেশের ক্রীড়াঙ্গনে সবচেয়ে আলোচিত বিষয় ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিবিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন। সেই নির্বাচনের কয়েকদিন আগে ১৬টি ক্লাব নির্বাচন বয়কটের পথে হেঁটেছিল। মূলত বিসিবি নির্বাচনে সরকারি হস্তক্ষেপের কারণে এসব ক্লাবের প্রার্থীরা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।
তখন বিসিবির নির্বাচন হলেও ভালোভাবে চলছিল না ক্লাব ক্রিকেট। গেল কয়েকমাস ধরে এখানে অস্থিরতা লেগে আছে। বর্তমান বিসিবির অধীনে সব ধরণের ঘরোয়া ক্রিকেট বয়কট করেছিল সবমিলিয়ে ঢাকার ৪৫ ক্লাব। এরমধ্যে গেল ১২ ফেব্রুয়ারি দেশে অনুষ্ঠিত হয়ে গেল ত্রয়োদশ জাতীয় নির্বাচন। যেখানে জয়লাভ করে সরকার গঠন করেছে বিএনপি।
আজ অনুষ্ঠিত হয়েছে মন্ত্রী-এমপিদের শপথ অনুষ্ঠান। ক্রীড়াঙ্গন পেয়েছে নতুন অভিবাবক। বিএনপি সরকারের যুব এবং ক্রীড়া প্রতিমন্ত্রী হলেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। তিনি দায়িত্ব পাওয়ার দিনেই নড়েচড়ে বসার কথা জানালেন ঢাকার ক্লাব কর্তারা।
ঢাকা পোস্টকে ক্রীড়া সংগঠক রফিকুল ইসলাম বাবু বলেন, 'আমরা আইনে বিশ্বাসী, আমরা জোর করে কোনো কিছু করবো না। আইন যেটা বলবে সেটাই করব, আমরা লিগ্যাল রাস্তাতেই যাব। আমরা দুই তিন দিন পরেই শুরু করব। তার আগে সবাই মিলে আমরা বসবো এরপরে আসলে সিদ্ধান্ত নেব।'
নতুন ক্রীড়া প্রতিমন্ত্রীকে নিয়ে বাবু বলেন, 'তাকে শুভেচ্ছা জানিয়েছি। তিনি সবসময় বলেছেন যে ক্রীড়াঙ্গনকে সব কিছু সুন্দর ভাবে করা হবে। ঢেলে সাজানো হবে যোগ্য ব্যক্তিদের যোগ্য স্থানে দেওয়া হবে। যত অনিয়ম হয়েছে দুর্নীতির সবগুলো বিচার করবেন। আগে আমরা সঠিক বিচার পাইনি তো আশা করছি এখন গণতান্ত্রিক সরকার। তারা সঠিক বিচার আমাদেরকে উপহার দিবে।'
বর্তমান বিসিবি সভাপতি পরিবারের সাথে সময় কাটাতে অস্ট্রেলিয়াতে অবস্থান করছেন। তিনি ফিরবেন কি না এ নিয়েও চলছে নানা গুঞ্জন। সংগঠক বাবু জানালেন, 'এটা তার ব্যক্তিগত ব্যাপার আমি এখন এটা নিয়ে কমেন্টস করতে চাচ্ছি না। তবে আমরা চাই সঠিক বিচারের মাধ্যমে যে ফয়সালা হবে সেটাকে আমরা মেনে নেব।'
ঢাকা ক্লাব পাড়ার আরেক সংগঠক ঢাকা পোস্টকে জানান, 'মাত্র সবকিছু হলো একটা গাইডলাইন তো আমরা পাব। জেলা বিভাগের যারা কাউন্সিলর আছে তাদের একটা পেন্ডিং রয়েছে কেস। তখন রায়টা তো জেলা-বিভাগের পক্ষে ছিল। পরে স্থগিত করা হয়েছিল চেম্বার আদালতে। ওটাকে এখন আবার আপিল করা হবে।'
'স্থগিতের ওপরে আপিল আমরা করবো না, এটা যারা জেলা বিভাগের রয়েছে তারা করবে। আর আমাদের একটা উকিল নোটিশ পাঠানো রয়েছে বিসিবিতে। আর আইসিসির নিষেধাজ্ঞার বিষয়ে যা বলা হয় এগুলো উড়ো কথা। বিশ্বের অন্য দেশেও পরিবর্তন হয়, আইন তো শুধু বাংলাদেশের জন্য না।'
বিসিবির বর্তমান এক পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ঢাকার ক্রীড়া কর্তারা যদি আপিল করে তাহলে বিসিবির লিগ্যাল টিম সেটা দেখবে। বোর্ড দেখবে সবকিছু। পরে বিসিবি সভাপতির দেশে ফেরা প্রসঙ্গে জানতে চাওয়া হলে সেই পরিচালক বলেন সভাপতি আসবেন আবারো দেশে।
এসএইচ/এইচজেএস