অস্ট্রেলিয়াকে আইসল্যান্ডের খোঁচা

জিম্বাবুয়ের বিপক্ষে আয়ারল্যান্ডের জয় মনেপ্রাণে চাইছিল অস্ট্রেলিয়া। কিন্তু পাল্লেকেলেতে গতকাল (মঙ্গলবার) ‘বি’ গ্রুপের ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেছে। জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হওয়ায় অস্ট্রেলিয়াকে তল্পিতল্পা গুছিয়ে নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরতে হয়েছে। এই ফল অস্ট্রেলিয়ার হাতে না থাকলেও জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার বিপক্ষে হার মিচেল মার্শের দলকে তাড়িয়ে বেড়াবে।
অস্ট্রেলিয়ার টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হওয়ার পর আইসল্যান্ড ক্রিকেট সাবেক চ্যাম্পিয়নদের খোঁচা দিলো। বিশেষ করে ফর্মে থাকা স্টিভ স্মিথকে অস্ট্রেলিয়া না খেলানোর সিদ্ধান্ত নেওয়ায় ব্যঙ্গ করেছে দেশটি।
আয়ারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছিল অস্ট্রেলিয়া। কিন্তু জিম্বাবুয়ের কাছে হেরে যায়। টুর্নামেন্টে টিকে থাকতে শ্রীলঙ্কার বিপক্ষে অজিদের জিততে হতো। কিন্তু ব্যর্থ তারা।
ওই ম্যাচের জন্য স্মিথকে উড়িয়ে এনেছিল অস্ট্রেলিয়ার ম্যানেজমেন্ট। কিন্তু তাকে একাদশে রাখেনি। অস্ট্রেলিয়ার টিকে থাকার লড়াইয়ে স্মিথকে না রাখার সিদ্ধান্ত সমালোচিত হয়েছে প্রত্যাশিতভাবে। তবে খোঁচা দিতে দেরি করেনি আইসল্যান্ড ক্রিকেট।
তারা এক্স-এ লিখেছে, ‘স্টিভ স্মিথের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপে সেরা ব্যাপার হলো বিমানবন্দরে শুল্ক-ফ্রি থাকা। আমরা তাকে আরও ভালোভাবে মূল্যায়ন করতাম, একটি মূর্তি বানিয়ে এবং আজীবনের জন্য বিনামূল্যে কড (সামুদ্রিক মাছ) দিয়ে তাকে স্বাগত জানাতাম। মাঝেমধ্যে আপনার সেরা সম্পদগুলো অবহেলিত থাকে।’
জশ হ্যাজেলউড ইনজুরির কারণে বিশ্বকাপের আগেই ছিটকে যান। অস্ট্রেলিয়ার তৃতীয় ম্যাচের আগে তার স্থলাভিষিক্ত করা হয় স্মিথকে। তবে বিগ ব্যাশ লিগে ৬ ম্যাচে ২৯৯ রান করে ফর্মের তুঙ্গে থাকা এই ক্রিকেটারকে একাদশে না দেখে বিস্ময় প্রকাশ করেছেন অনেকে।
এফএইচএম/