বৈশ্বিক টুর্নামেন্ট খেলতে গিয়ে রান্না করে খেলেন পাকিস্তানের খেলোয়াড়রা!

বেশ কয়েকদিন ধরেই গুঞ্জন চলছিল অস্ট্রেলিয়ায় প্রো হকি লিগ খেলতে গিয়ে চরম অব্যবস্থাপনার মুখে পড়েছে পাকিস্তানের হকি দল। এমনকি রাতে খেলোয়াড়দের হোটেলের বাইরে অবস্থান করতে হয়েছে বলেও আলোচনা চলছিল। এবার অভিযোগ উঠেছে হকি খেলোয়াড়রা নিজেরাই নাকি খাবার রান্না করে খেয়েছেন। যা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ দেওয়ার পর তদন্তের নির্দেশ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।
বৈশ্বিক টুর্নামেন্ট খেলতে গিয়ে হকি খেলোয়াড়দের এমন ভোগান্তি ও অব্যবস্থাপনা নিয়ে একে অপরের দিকে দায় চাপাচ্ছে পাকিস্তানের স্পোর্টস বোর্ড (পিএসবি) ও হকি ফেডারেশন (পিএইচএফ)। এর মাঝে গতকাল (মঙ্গলবার) গভীর রাতে পাকিস্তান হকি দল লাহোরে ফিরেছে। জার্মানি ও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে সব ম্যাচ হেরে দুই পর্ব মিলিয়ে জয়শূন্য অভিযান শেষ করে তারা।
এক প্রতিবেদনে পাকিস্তানের সংবাদমাধ্যম ‘ডন’ জানিয়েছে, হোবার্টে আবাসনসংক্রান্ত গুরুতর ত্রুটির কথা উঠে এসেছে। বিশেষ করে নির্ধারিত সময়ের পর হোটেল বুকিং এবং অপর্যাপ্ত আবাসন ব্যবস্থা নিয়ে ক্ষোভ রয়েছে খেলোয়াড়দের। তাদের এমন অসন্তুষ্টি খেলার প্রস্তুতিতেও প্রভাব ফেলেছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে সূত্র জানিয়েছে, আর্জেন্টিনায় অনুষ্ঠিত প্রো হকি লিগের প্রথম পর্বের আবাসন বাবদ ৩,৭৫০ মার্কিন ডলার এখনও বকেয়া রয়েছে পাকিস্তান দলের।
হকি ফেডারেশনের সভাপতি তারিক হুসেইন বুগতি ডন–কে বলেছেন, ‘হোটেল বুকিং, বিমান ভ্রমণ, টিএ/ডিএ এবং ভিসাসহ সব লজিস্টিক ও আর্থিক দায়িত্ব পিএসবি’র ওপর ন্যস্ত ছিল। ক্রীড়াবিষয়ক সিনেট স্থায়ী কমিটির নির্দেশনা অনুযায়ী এফআইএইচ প্রো লিগে দলের অংশগ্রহণসংক্রান্ত আর্থিক বিষয়গুলো পিএসবি দেখভাল করবে। পিএইচএফ সিনেট কমিটির সিদ্ধান্ত মেনে নিয়েছে এবং এসব বিষয়ে হস্তক্ষেপ করছে না। আমাদের অগ্রাধিকার ছিল গুরুত্বপূর্ণ এই প্রতিযোগিতায় জাতীয় দলের অংশগ্রহণ নিশ্চিত করা, যেখানে বড় দলের বিপক্ষে খেলার অভিজ্ঞতা পাওয়া যাবে।’
অন্যদিকে, পিএসবি’র কর্মকর্তা রানা নাসরুল্লাহ পাল্টা দাবি করেছেন– ‘টিম ম্যানেজমেন্টের কাছে পর্যাপ্ত অর্থ ছিল এবং প্রত্যেক খেলোয়াড়ের কাছেও ১,৬৫০ মার্কিন ডলার ছিল। তহবিল থাকলে আবাসন নিয়ে অব্যবস্থাপনা কেন হলো? সঠিক রান্নাব্যবস্থাও ছিল না, খেলোয়াড়দের নিজেদের খাবার প্রস্তুত করতে হয়েছে।’ ফেডারেল ক্রীড়ামন্ত্রী রানা সানাউল্লাহ বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করেছেন। এর আগে এক ভিডিও বার্তায় খেলোয়াড়দের হোটেলের বাইরে রাস্তায় থাকতে হয়েছে বলে যে অভিযোগ ছিল তা অস্বীকার করেন পাকিস্তান অধিনায়ক ইমাদ বাট।
খাদ্যসংক্রান্ত প্রশ্নে বুগতি বলেন, ‘দল তখন দেশে ফেরার পথে ছিল। এ নিয়ে লাহোরে পৌঁছালে বিস্তারিত প্রতিবেদন দেওয়া হবে। তদন্তের নির্দেশনা একটি ইতিবাচক পদক্ষেপ। পিএইচএফ সেই কমিটির সামনে নিজেদের অবস্থান তুলে ধরবে।’ অবশ্য প্রধানমন্ত্রীর তদন্তের নির্দেশের বিষয়টিকে স্বাগত জানিয়েছে পিএইচএফ ও পিএসবি। সূত্রমতে– অস্ট্রেলিয়া সফরে ঠিক কী ঘটেছিল সেসব খোলাসা করতে হকি খেলোয়াড়রা লাহোরে একটি সংবাদ সম্মেলন করতে পারেন।
হকি দলের ভোগান্তি সংক্রান্ত তদন্তের নির্দেশনা দিয়ে পাক প্রধানমন্ত্রীর দপ্তর বিবৃতিতে জানিয়েছে, ‘গণমাধ্যমে প্রকাশিত হকি সংশ্লিষ্ট অব্যবস্থাপনার বিষয়ে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ নজর দিয়েছেন এবং তদন্ত চলছে। দায়ীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।’ ইতোমধ্যে তদন্ত শুরু হলেও কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়নি। এক্ষেত্রে স্বাধীন ও নিরপেক্ষ সংস্থা দিয়ে তদন্ত করলে অধিকতর স্বচ্ছতা নিশ্চিত হওয়ার প্রত্যাশা সংশ্লিষ্টদের।
এএইচএস