অনন্য মাইলফলকে ভারতের অধিনায়ক

আবার ইতিহাসে নিজের নাম লিখলেন ভারত নারী দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নেমে নারীদের আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড নিজের নামে করে নিলেন তিনি।
মানুকা ওভালে এই ম্যাচটি ছিল হারমানপ্রীতের ৩৫৬তম আন্তর্জাতিক ম্যাচ। এর মাধ্যমে তিনি ছাড়িয়ে গেলেন নিউজিল্যান্ডের কিংবদন্তি সুজি বিটসকে। তিনি খেলেছেন মোট ৩৫৫টি ম্যাচ। এখন সর্বকালের সবচেয়ে বেশি ম্যাচ খেলার তালিকায় শীর্ষে অবস্থান ভারতীয় অধিনায়কের।
তালিকায় এরপর রয়েছেন অস্ট্রেলিয়ার এলিস পেরি (৩৪৯ ম্যাচ), ভারতের সাবেক অধিনায়ক মিতালি রাজ (৩৩৩ ম্যাচ) এবং ইংল্যান্ডের কিংবদন্তি চার্লট এডওয়ার্ডস (৩০৯ ম্যাচ)।
২০০৯ সালে আন্তর্জাতিক অভিষেকের পর থেকে তিন ফরম্যাটেই নিয়মিত খেলছেন হারমানপ্রীত। তার ৩৫৬ ম্যাচের মধ্যে রয়েছে ৬টি টেস্ট, ১৬১টি ওয়ানডে এবং ১৮৯টি টি-টোয়েন্টি।
অধিনায়ক হিসেবেও সাফল্য কম নয় হারমানপ্রীদের। ২০২৫ সালে তার নেতৃত্বেই ভারত জেতে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপের শিরোপা। সম্প্রতি ইংল্যান্ড সফরেও টি-টোয়েন্টি সিরিজ জিতেছে ভারত। চলতি মাসের শুরুতে ভারতীয় ক্রিকেটে অসামান্য অবদানের জন্য তিনি পদ্মশ্রী সম্মানেও ভূষিত হয়েছেন।
এমএমএম/