পাক-ভারত ক্রিকেটাররা ‘প্রকাশ্যে হাত মেলায় না, আড়ালে আড্ডা দেয়’

ভারত-পাকিস্তানের ক্রিকেটাররা বারবার ক্রিকেটীয় স্পিরিট লঙ্ঘন করছেন বলে অভিযোগ রয়েছে। গত টি-টোয়েন্টি এশিয়া কাপ থেকে তারা পরস্পর হাত মেলান না। সেই ‘নো হ্যান্ডশেক’ রীতি এশিয়া কাপ পরবর্তী ছেলে-মেয়েদের যেকোনো টুর্নামেন্টেই অব্যাহত আছে। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপেও একই দৃশ্যের পুনরাবৃত্তি ঘটে, হাত মেলাননি সূর্যকুমার যাদব ও সালমান আলি আগা। কিন্তু প্রকাশ্যে তাদের এমন আচরণ নাকি আড়ালে গেলে বদলে যায়!
দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের ক্রিকেটারদের নিয়ে এমন চাঞ্চল্যকর দাবি জানিয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যালিস্টার কুক। তাতে সুর মেলান আরেক কুকের আরেক স্বদেশি সাবেক তারকা ফিল টাফনেল। ‘স্টিক টু ক্রিকেট’ নামের এক পডকাস্ট অনুষ্ঠানে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের নানা বিষয়ে কথা বলেছেন ইংল্যান্ডের সাবেক চার তারকা ক্রিকেটার– মাইকেল ভন, অ্যালিস্টার কুক, ডেভিড লয়েড ও ফিল টাফনেল।
তাদের আলোচনায় ভারত-পাকিস্তান ম্যাচের প্রসঙ্গ আসতেই টাফনেল বলে উঠেন, ‘সাহস করে বলি– ভারতের বিপক্ষে পাকিস্তানের ঠিক মেলে না, তাই না?’ ভন যোগ করে বলেন, ‘আমার দৃষ্টিতে বিষয়টা এমন– ক্রিকেট মাঠে নামলেই পাকিস্তানকে মনে হয় তারা ভারতকে দেখে ভয় পাচ্ছে। দুই দলের মাঝে পুরো পরিস্থিতি তিক্ততাপূর্ণ। এটি দুঃখজনক যে, ক্রিকেট মাঠে (তারা পরস্পর) হাত মেলায় না।’
মাইকেল ভন অবশ্য হতাশা কাটিয়ে উঠেন অ্যালিস্টার কুকের কথায়। ইংল্যান্ডের সাবেক এই অধিনায়ক বলেন, ‘তারা কি দরজার আড়ালেও কথা বলে না? আমি কোথাও পড়েছি যে, তারা আড়ালে ঠিকই কথা বলে। এটি অনেকটা লোকদেখানো আচরণ, তাই না? মাঠে তারা হাত মেলাবে না। কিন্তু আড়ালে তারা পরস্পর কথা বলবে, আড্ডা দেবে এবং তাদের সম্পর্কটাও ঠিকঠাক।’
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে অনেক নাটকীয়তার জন্ম হয়। শেষমেষ গত ১৫ ফেব্রুয়ারি মুখোমুখি হয়ে যথারীতি দাপট দেখায় সূর্যকুমার যাদবের দল। তাদের দেওয়া ১৭৬ রানের লক্ষ্য তাড়ায় সালমান আগার দল মাত্র ১১৪ রানে গুটিয়ে যায়। ওই ম্যাচের আগে দুই অধিনায়ক হাত মেলাবেন কি না সেই প্রশ্ন উঠেছিল। আগেরদিন সংবাদ সম্মেলনে উভয়েই রহস্য রেখে দেন। নাটকীয় কিছু ঘটেনি, টসের পর যথারীতি করমর্দন করলেন না সূর্য-সালমান।

যদিও ম্যাচের মাঝে দুই দলের ক্রিকেটারদের মাঝে টুকটাক খোঁচাখুঁচি দেখা গিয়েছিল। তাদের মাঝে ঠিক শত্রুভাবাপন্ন দ্বৈরথ ছিল না বলেও মৃদু গুঞ্জন ওঠে। এ ছাড়া বিসিসিআইয়ের প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়– সূর্যকুমার সতীর্থদের বার্তা দেওয়ার সময় বলছেন, সবাই যেন ক্রিকেটেই মনোযোগটা রাখেন এবং কেউ বাদানুবাদে না জড়ান। মাইন্ড-গেমে আটকে পড়ার চেয়ে ক্রিকেটাররা যেন ব্যাট-বলে নিজের বার্তাটা ফুটিয়ে তোলে সেদিকেই জোর দেন সূর্য।
এএইচএস