টাকা না থাকলেও কেন বিপিএলে ফ্র্যাঞ্চাইজির মালিকানা দেওয়া হয়?

বিপিএলের দ্বাদশ আসর শেষ হওয়ার পর প্রায় মাসখানেক হতে চলল। অথচ এখনও সব দলের ক্রিকেটাররা তাদের পারিশ্রমিক বুঝে পাননি। সেই তালিকায় নাম রয়েছে নাসির হোসেনেরও। ঢাকা ক্যাপিটালসের হয়ে বিপিএল খেলা এই অলরাউন্ডারকে কেবল তার চুক্তির ২৫ ভাগ টাকা দিয়েছে ফ্র্যাঞ্চাইজি মালিক। এমন কর্মকাণ্ড দেশের মান-সম্মান নষ্ট করছে বলে দাবি নাসিরের।
গতকাল (শুক্রবার) এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে নাসির বলেন, ‘২৫ শতাংশ পেয়েছি। এখনও ৭৫ শতাংশ বাকি আছে। আক্ষেপ নেই, আমার কাছে মনে হয় যাদের পকেটে টাকা নেই তাদেরকে দল দেওয়া উচিত না। আমি জানি না এদেরকে কি চিন্তা করে দল দেয়।’
এরকম ফ্র্যাঞ্চাইজির কারণে দেশের মান-সম্মান নষ্ট হয় দাবি করে এই ব্যাটিং অলরাউন্ডার বলেন, ‘এটা তো শুধু আমাদের পুরো দেশেরই মান-সম্মান নষ্ট হচ্ছে। কারণ এখানে বিদেশি খেলোয়াড়রা আসে। এরা বাইরে গিয়ে বিভিন্ন রকমের কথাবার্তা বলে যে বাংলাদেশের পেমেন্ট খারাপ, বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি খারাপ।’
পারিশ্রমিকের বাকি টাকা নিয়ে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে খেলোয়াড়দের কথা হয় এবং তাদেরকে বরাবরই আশ্বাস দেওয়া হচ্ছে বলেও জানান নাসির। তিনি বলেন, ‘আমাদের পুরা দলের (জন্য) গ্রুপ আছে। গ্রুপে সুন্দরভাবে আমরা মেসেজ দিই। সিন হয়, বলে কালকে হবে–পরশু হবে এই আরকি।’
এদিকে, বিসিবির পক্ষ থেকে আগে থেকেই জানানো হচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা না দিলে ফ্র্যাঞ্চাইজিগুলোর জামানত থেকে পরিশোধ করা হবে। এই মাসের মধ্যে টাকা না দিলে সেই পথেই বিসিবি হেঁটে বকেয়া মিটিয়ে দেবে বলে উল্লেখ করলেন নাসিরও, ‘মিঠু (ইফতেখার) ভাই আমাদেরকে আশ্বাস দিয়েছেন। সম্ভবত আমি যতটুকু জানি (তারা) এই মাস পর্যন্ত মনে হয় দেখবেন। যদি এই মাসেও তারা (টাকা) না দিতে পারে তখন মনে হয় ঢাকার জামানত হিসেবে যে টাকা ছিল ব্যাংক গ্যারান্টি হিসেবে, ওই টাকা থেকে আমাদের পেমেন্ট দেবে। পেমেন্ট আমরা পাব হয়তো একটু পরে।’
এসএইচ/এএইচএস