বিজ্ঞাপন

টি-টোয়েন্টি বিশ্বকাপ

প্রথমবার সুপার এইটে উঠা দলকে ফাইনালে ভারতের বিপক্ষে চান দ্রাবিড়

প্রথমবার সুপার এইটে উঠা দলকে ফাইনালে ভারতের বিপক্ষে চান দ্রাবিড়

ভারত ও শ্রীলঙ্কার মাটিতে চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপ, দুই স্বাগতিক দেশই সুপার এইটে উঠেছে। এর মধ্যে ভারত চার ম্যাচেই অপরাজিত থেকে শিরোপা ধরে রাখার কক্ষপথে ছুটে চলছে। সূর্যকুমার যাদবের দল এবারও টুর্নামেন্টের অন্যতম ফেভারিট। যথারীতি চলমান বিশ্বকাপের ফাইনালে উত্তরসূরীদের দেখতে চান ২০২৪ আসরের চ্যাম্পিয়ন কোচ রাহুল দ্রাবিড়। তবে প্রতিপক্ষ হিসেবে কাকে চান? সেই উত্তরেই রয়েছে চমক!

আগামী ৮ মার্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (যদি পাকিস্তান না উঠে) বিশ্বকাপের মহারণী ফাইনাল অনুষ্ঠিত হবে। যেখানে ভারতের প্রতিপক্ষ হিসেবে জিম্বাবুয়েকে চান দ্রাবিড়। এর পেছনে যুক্তিও দিয়েছেন সাবেক এই ভারতীয় তারকা ক্রিকেটার ও কোচ। যদিও এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে উঠেছে সিকান্দার রাজার জিম্বাবুয়ে। যা ১৯৯৯ ওয়ানডে বিশ্বকাপের (সুপার সিক্স) পর আইসিসির কোনো মেগা ইভেন্টে আফ্রিকান দেশটির সর্বোচ্চ অবস্থান। 

গ্রুপপর্বে সিকান্দার রাজার দল কোনো ম্যাচেই হারেনি, চার ম্যাচের মধ্যে একটি (আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ) পরিত্যক্ত হয়েছে। এ ছাড়া মাইটি অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে বড় চমক দেখিয়েছে জিম্বাবুয়ে। তাদের আরেকটি জয় ওমানের বিপক্ষে। ফলে ‘বি’ গ্রুপ থেকে সর্বোচ্চ ৭ পয়েন্ট নিয়ে টেবিল টপার হিসেবে সুপার এইটে খেলতে নামবে রাজা-ব্রেনেট-বার্লরা। এ ছাড়া শ্রীলঙ্কা ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় এবং ৪ পয়েন্ট পাওয়া অস্ট্রেলিয়া টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। গ্রুপপর্বে এমন দারুণ পারফরম্যান্স সত্ত্বেও জিম্বাবুয়েকে ফাইনালে কল্পনা হয়তো বেশিরভাগই করবেন না। এক্ষেত্রে ব্যতিক্রম রাহুল দ্রাবিড়!

Graeme Cremer finished with 2 for 27, Sri Lanka vs Zimbabwe, T20 World Cup 2026, Colombo (RPS), February 19, 2026

এনডিটিভিকে দেওয়া মন্তব্যে সাবেক এই ভারতীয় কোচ যুক্তি দেখিয়েছেন এভাবে, ‘আমি (ফাইনালে) ভারতের বিপক্ষে যেকোনো দলকে নিতে পারি। ভারত বনাম জিম্বাবুয়ে? জিম্বাবুয়ে ক্রিকেটের জন্য ব্যাপারটা দারুণ হবে। তারা যদি সত্যিই ফাইনালে উঠতে পারে সেটি তাদের জন্য অসাধারণ কিছু হবে। আমি চাই ভারতের সঙ্গে তুলনামূলক কম শক্তিশালী দল ফাইনালে উঠুক। দারুণ হবে।’

সহযোগী দেশগুলো বর্তমানে ভালো খেলছে উল্লেখ করে দ্রাবিড় বলেন, ‘বিশ্বকাপে এখন পর্যন্ত নির্ধারক বিষয় নিয়ে মানুষ অনেক বেশি বলে ফেলেছে, সেটি হচ্ছে– সহযোগী দেশগুলো দারুণ ক্রিকেট খেলছে। সেসব দলে অসাধারণ প্রতিভা আছে, এমন কিছু দেখা ভালো বিষয়। প্রায় দলকে সত্যিই ভালো পারফর্ম করতে দেখেছি। যদিও তাদের সবাই সুপার এইটে উঠতে পারেনি, এই ধরনের ফরম্যাট সবসময়ই কঠিন। তবে তারা দেখিয়েছে তাদের কত ভালো তরুণ প্রতিভা আছে।’

বিশ্বকাপের সুপার এইটে আজ (রোববার) ভারত নিজেদের প্রথম ম্যাচ খেলবে, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। ভারতের প্রশংসা করে সাবেক অধিনায়ক দ্রাবিড় বলেন, ‘তারা চমৎকার খেলছে। গত কয়েক বছর ধরেই এটা ধরে রেখেছে তারা। সুপার এইট হয়ে নকআউটের দিকে যাচ্ছে টুর্নামেন্ট। আমার মনে হয় কিছু গুরুত্বপূর্ণ মুহূর্তই খেলার ফল নির্ধারণ করে দেবে। আপনাকে দাঁড়িয়ে (দৃঢ়) থাকতে হবে, এজন্য কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটারকে সামনে প্রয়োজন এবং যখনই প্রয়োজন হবে তারা কাজটা করে দেবে এবং আমাদের সেটা আছে। ভারতের একটা বড় সুবিধা হলো আমরা দু’য়েকজনের ওপর নির্ভর করি না। গোটা দলের ব্যাটিং গভীরতা রয়েছে।’

Varun Chakravarthy struck twice in two balls, India vs Pakistan, Men's T20 World Cup, Colombo, February 15, 2026

‘তবুও মনে রাখা দরকার এটা টি-টোয়েন্টি ক্রিকেট, যেখানে অজানা জিনিসই ঘটে। ক্রিকেটের সবচেয়ে টালমাটাল ফরম্যাট। কোচ হিসাবে আমি জানি– যেকোনো দিন আপনি হারতে পারেন। আমার মতে, শুধু নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করো এবং ভাল ফলের আশা করো’, উত্তরসূরীদের সতর্কও করে দিলেন দ্রাবিড়।

এএইচএস