ভারতের কাছে হেরে শিরোপার স্বপ্নভঙ্গ বাংলাদেশের

নারী এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে ভারতের কাছে ৪৬ রানে হেরেছে বাংলাদেশের মেয়েরা। তাতেই শিরোপার জেতা হলো না ফাহিমা খাতুনদের। এবারের আসরে চ্যাম্পিয়ন হলো ভারত, বাংলাদেশ রানারআপ। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৩৪ রান করে ভারত। জবাবে সবকটি উইকেট হারিয়ে ৮৮ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।
টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করে ভারত নারী দল। অন্যদিকে ফাইনালে উঠার লড়াইয়ে পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ।
শিরোপা নির্ধারণী ম্যাচে ১৩৫ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা খারাপ হয়নি বাংলাদেশের। পাওয়ার প্লেতে ১ উইকেট হারিয়ে ৩৬ রান তোলে দল। এরপর ঘটে ছন্দপতন। উইকেট পতনের মিছিলে যোগ দিতে থাকেন বাংলাদেশের ব্যাটাররা। আর শেষ পর্যন্ত সেই ধারা অব্যাহতই থাকে। ফলে জয়ের মুখ আর দেখা হয়নি বাংলাদেশের মেয়েদের।
দলের হয়ে সর্বোচ্চ ২০ রান করেন ওপেনার শামিমা সুলতানা। ১৮ রান করেন শারমিন সুলতানা। ফাহিমা খাতুন করেন ১৪ রান। আর ১০ রান আসে সাদিয়া আক্তারের ব্যাট থেকে। বাকি ব্যাটারদের কেউই দশের কোটা পার করতে পারেননি।
ভারতের সবচেয়ে সফল বোলার প্রেমা রাওয়াট। তিনটি উইকেট নিয়েছেন তিনি। দুটি করে উইকেট নেন সোনিয়া ও তানুজা। আর একটি করে উইকেট পেয়েছেন তিনজন বোলার।
এর আগে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে ব্যাট করতে নামে ভারত। শুরুটা ভালো হয়নি তাদের। মাত্র ৪৪ রানে ৪ উইকেট হারিয়ে বেশ চাপেই পড়ে দল। কিন্তু পঞ্চম উইকেট জুটিতে চাপ সামলে নেন দলনেতা রাধা যাদব ও তেজাল হাসাবনিস। এসময় দুজন মিলে গড়েন ৬৯ রানের জুটি। তাতেই বাড়তে থাকে দলীয় সংগ্রহ।
ফাহিমা খাতুনের বলে আউট হওয়ার আগে ৩০ বলে ৩৬ রান করেন রাধা। অন্যদিকে শেষ পর্যন্ত খেলে যান তেজাল। ব্যক্তিগত অর্ধশতক পূরণের পর ৫১ রানে অপরাজিত থাকেন তিনি। মাত্র ৩৪ বলে খেলা তার এই ইনিংসটি তিনটি চার ও দুটি ছয়ে সাজানো। এছাড়া ১৯ রান আসে দিনেশ ভ্রিন্দার ব্যাট থেকে। বাকিরা কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট নেন ফাহিমা খাতুন। আর একটি করে উইকেট নেন দুজন বোলার।
এমএমএম/