সল্টের ফিফটির পরও দেড়শ হলো না ইংল্যান্ডের

সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করতে পারল না ইংল্যান্ড। দলীয় ওপেনার ফিল সল্টের ঝোড়ো ফিফটির পরও অল্পতেই থেমে গেল ইংলিশদের ইনিংস। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৪৬ রান করেছে ইংল্যান্ড। ফলে জিততে হলে লঙ্কানদের করতে হবে ১৪৭ রান।
পাল্লেকেলেতে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে টস জিতে ইংল্যান্ডকে ব্যাট করার আমন্ত্রণ জানান লঙ্কান দলনেতা দাসুন শানাক। ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ইংলিশদের। পাওয়ার প্লেতে হারায় দুই উইকেট। ৭ রান করে আউট হন ওপেনার জস বাটলার। ৩ রানে থামেন জ্যাকব বেথেল। আর আউট হওয়ার আগে ৬ রান করেন টম ব্যান্টন।
এরপর আসা-যাওয়ার মিছিলে হ্যারি ব্রুক ৭ বলে ১৪ ও স্যাম কারান ১১ বলে ১১ রান করেন। এদিকে আপনতালে খেলতে থাকা ওপেনার ফিল সল্ট ফিফটির দেখা পেয়েছেন। দুনিথ ভেল্লালাগের বলে আউট হওয়ার আগে ৬২ রান করেন তিনি। ৪০ বলে খেলা এই ইনিংসটি ছয়টি চার ও দুটি ছয়ে সাজানো।
এছাড়া উইল জ্যাকস ২১, লিয়াম ডুসন ৬, জোফরা আর্চার শূন্য, আদিল রশিদ ১ ও জেমি ওভারটন ১০ রান করেন।
শ্রীলঙ্কার সবচেয়ে সফল বোলার দুনিথ ভেল্লালাগে। ৪ ওভারে ২৬ রানের খরচায় সর্বোচ্চ তিনটি উইকেট নেন তিনি। এছাড়া দুটি করে উইকেট নেন দিলশান মধুশাঙ্কা ও মহেশ থিকসেনা। একটি উইকেট পেয়েচেন দুশমন্থ চামিরা।
এমএমএম/