বগুড়ায় শান্ত-শরিফুলদের ইফতার করালেন হৃদয়

অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের পর এবার বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) ব্যস্ত থাকবেন ক্রিকেটাররা। আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। প্রথম দিনে অনুষ্ঠিত হবে দুটি ম্যাচ। একটি বগুড়ায়, অন্যটি রাজশাহীতে।
বগুড়ার শহীদ চান্দু ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে ইস্ট জোন ও নর্থ জোন। ইতোমধ্যেই বগুড়ায় পাড়ি জমিয়েছেন দুদলের ক্রিকেটাররা। আর সেখানেই নিজের দল নর্থ জোনের ক্রিকেটারদের ইফতার করালেন জাতীয় দলের ক্রিকেটার তাওহীদ হৃদয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি শেয়ার করে হৃদয় ধন্যবাদ দেন দলের কোচ হান্নান সরকার।
তার পোস্ট করা ছবিতে দেখা যায়, সবাই ইফতারের আগ মুহূর্তে আজানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সেই ছবিতে হান্নান সরকারের সঙ্গে আছেন, শরিফুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, হাবিবুর রহমান সোহান, তাওহীদ হৃদয় ও মুকিদুল ইসলামসহ আরও অনেকে।
ছবির ক্যাপশনে হান্নার সরকার লেখেন, ‘‘আলহামদুলিল্লাহ। ধন্যবাদ হৃদয়, সবাইকে ইফতার করানোর জন্য। তোমার জন্য অনেক অনেক দোয়া, অনেক শুভকামনা..।’’
ক্যাপশনে হান্নান সরকার আরও লেখেন, ‘‘বগুড়ায় আগামীকাল (২৩ ফেব্রুয়ারি) সকাল নয়টায় ইস্ট জোনের বিপক্ষে আমাদের নর্থ জোনের খেলা। সুযোগ থাকলে অবশ্যই মাঠে আসবেন। ক্রিকেটের প্রতি বগুড়ার মানুষের ভালোবাসার গল্প অনেক শুনেছি, স্বচক্ষে দেখতেও চাই, ইনশাআল্লাহ।’’
বিসিএলে নর্থ জোনের হয়ে খেলবেন তাওহীদ হৃদয়। এই দলে আরও রয়েছেন- তানজীদ হাসান তামিম, হাবিবুর রহমান সোহান, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), আকবর আলী, সাব্বির রহমান, মেহেদী হাসান, এসএম মেহরব, তাইজুল ইসলাম, নাহিদ রানা, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মুকিদুল ইসলাম ও আব্দুল গাফফার সাকলাইন।
এমএমএম/