অর্থ সংকটে খেলা দেখা নিয়ে অনিশ্চয়তায় জিম্বাবুয়ের সমর্থকরা

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কায় জিম্বাবুয়ের ম্যাচে গ্যালারিতে দেখা গেছে ‘ব্রাস ব্যান্ড’ ও ‘ক্যাসল কর্নারকে’। রঙিন পোশাক পরে ব্যান্ড বাজিয়ে নেচে, গেয়ে মাতিয়ে রেখেছেন তারা। কিন্তু বিশ্বকাপের সুপার এইটে কি তাদের দেখা যাবে? আর্থিক সমস্যায় সেটা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বিশ্বকাপে এখনো পর্যন্ত চমক দেখিয়েছে জিম্বাবুয়ে। গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার এইটে উঠেছে তারা। এ বার ভারতের মাটিতে খেলা। কিন্তু জিম্বাবুয়ের সমর্থকদের সমস্যা অর্থের অভাব। কোনো রকমে শ্রীলঙ্কায় গিয়ে তারা খেলা দেখেছেন। কিন্তু এবার তারা কী করবেন? ভারতে হোটেল ও খাবার খরচ, টিকিটের খরচ তারা কীভাবে জোগাড় করবেন তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
এই পরিস্থিতিতে নিজেদের দেশের ব্যবসায়ীদের কাছে আবেদন করেছে ‘ব্রাস ব্যান্ড’ ও ‘ক্যাসল কর্নার’। জিম্বাবুয়ের সমর্থকদের দু’টি গোষ্ঠীর এই নাম। ‘ব্রাস ব্যান্ড’ গ্রুপের প্রধান পল মুঙ্গোফা বলেন, 'স্থানীয় ব্যবসায়ীদের কাছে আবেদন করেছি। আমরা মাঠে থাকলে অন্য রকমের পরিবেশ তৈরি করি। তাতে আমাদের দল আরও ভালো খেলে। তাই আমাদের আবেদন, বিশ্বকাপে থাকা-খাওয়ার খরচ যদি তারা দেন তাহলে ভালো হয়।'
পল আরও জানিয়েছেন, তারা মাঠে থাকলে অনেক পার্থক্য গড়ে দিতে পারেন। তিনি বলেন, 'আমাদের ব্রাস ব্যান্ড ও ক্যাসল কর্নারের সদস্যেরা সব সময় নাচ-গান করে। সবসময় আমাদের ক্রিকেটারদের উজ্জীবিত করে। আমাদের পূর্বসুরিদের ঐতিহ্য বহন করছি আমরা। খেলার মাঠেও সেটা দেখা যায়।'
এইচজেএস