আর্সেনাল দেখিয়েছে, তারা কী দিয়ে তৈরি!

এই মৌসুমে আর্সেনালের দৃঢ়তা বারবার প্রশ্নবিদ্ধ হয়েছে। গত সপ্তাহে তলানির ক্লাব উলভসের বিপক্ষে এগিয়ে থেকেও ২-২ গোলে ড্রয়ের পর সমালোচনা আরও তীব্র হয়। দুই পয়েন্ট হারিয়ে ‘লজ্জিত’ আর্সেনাল ঘুরে দাঁড়াল দারুণ জয়ে।
গতকাল (রোববার) টটেনহামের মাঠে ৪-১ গোলে জিতেছে তারা। কোচ মিকেল আর্তেতা বললেন, আর্সেনাল ‘দেখিয়েছে আমরা কিসের তৈরি।’ এবেরেচি এজে ও ভিক্তর গিওকেরেস জোড়া গোল করেছেন। নর্থ লন্ডন ডার্বিতে দাপুটে জয়ে পাঁচ পয়েন্টের ব্যবধানে প্রিমিয়ার লিগের শীর্ষে গানাররা।
৩৪তম মিনিটে র্যান্ডাল কোলো মুয়ানির গোলে স্পাররা সমতা ফেরানোর পর দ্বিতীয়ার্ধে তিন গোল করে আর্সেনাল। তাতে গানারদের বিপক্ষে টানা পঞ্চম জয় পেল তারা, ১৯৮৯ সালের পর যা তাদের সেরা কীর্তি।
ম্যাচ শেষে আর্তেতা বলেন, ‘আমার মনে হচ্ছে আমরা আজ দেখিয়েছি আমরা আসলে কী দিয়ে তৈরি। কিন্তু আপনাকে এটা বারবার, বারবার এবং বারবার করে দেখাতে হবে। কারণ আপনি যদি প্রতিটা ম্যাচের পর আপনি কেমন অনুভব করছেন, সেটা বিশ্লেষণ করতে বসেন, তবে তা হবে এক বিশাল রোলারকোস্টারের মতো এবং সেটা দীর্ঘস্থায়ী কোনো সমাধান নয়।’
তিনি আরও যোগ করেন, ‘মাঠে যা দেখেছি তার জন্য আমি আরও বেশি গর্বিত বা খুশি হতে পারতাম না। বিশেষ করে গত ৭২ ঘণ্টা আমরা যেভাবে কাটিয়েছি, কারণ আমি মনে করি এই ম্যাচটির জন্য বিশেষ কিছু প্রেক্ষাপট বা পটভূমির প্রয়োজন ছিল।’
উলভস ম্যাচ নিয়ে তার ব্যাখ্যা, ‘উলভসের বিপক্ষে যা ঘটেছিল এবং ম্যাচের একদম শেষ মুহূর্তে যেভাবে আমরা দুই পয়েন্ট হারালাম, তা খুব কঠিন ছিল। কিন্তু এটাই ফুটবলের সৌন্দর্য। ম্যাচটি পুনরায় দেখার পর কোনো ব্যাখ্যাই পাওয়া যায় না যে, কীভাবে আমরা ওই ম্যাচটি ড্র করলাম। আপনি যেদিক থেকেই দেখুন না কেন, মনে হবে ‘এটা অসম্ভব’। আপনাকে আবার দেখতে হবে এবং বলতে হবে যে এমনটা আর ঘটবে না।’
দলে ঐক্য ধরে রাখার চ্যালেঞ্জ নিয়ে তার কথা, ‘কিন্তু এটা ঘটেছিল, এবং এরপর আপনাকে নিজেকে টেনে তুলতে হবে। কারণ আপনি তখন রাগান্বিত, বিপর্যস্ত এবং কোনো কোনো ক্ষেত্রে লজ্জিত বোধ করছেন। আমাদের দলে ভিন্ন ভিন্ন জাতীয়তার মানুষ আছে, সবার অনুভূতিও আলাদা। তাই আপনাকে সবাইকে এক সুতোয় বাঁধতে হবে।’
২৮ ম্যাচ খেলে ৬১ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকল আর্সেনাল। এক ম্যাচ কম খেলে ৫৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে ম্যানসিটি। স্পাররা রেলিগেশন অঞ্চল থেকে চার পয়েন্ট দূরে।
এফএইচএম/