পাকিস্তানিদের সুযোগ নিশ্চিত করতে ভারতীয় মালিকদের চিঠি ইসিবির

ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ লিগে পাকিস্তানের ক্রিকেটারদের খেলার সুযোগ কমতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। ভারতীয় মালিকানায় থাকা চারটি দল শাহিন আফ্রিদি, হারিস রউফদের নিলাম থেকে কিনতে আগ্রহী হবে না বলে গুঞ্জন আছে। অস্বস্তিকর পরিস্থিতি এড়াতে নিলামের আগেই ভারতীয় মালিকানাধীন দলগুলোকে সতর্ক করে দিল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)।
‘দ্য হান্ড্রেড’-এর চারটি দলের মালিকানা রয়েছে আইপিএলের চারটি দলের মালিকদের হাতে। এই তালিকায় আছে ম্যাঞ্চেস্টার সুপার জায়ান্টস (সঞ্জীব গোয়েন্কার আরপিজি গ্রুপের ৭০ শতাংশ মালিকানা), এমআই লন্ডন (মুকেশ অম্বানীর রিলায়্যান্সের ৪৯ শতাংশ মালিকানা), সাউদার্ন ব্রেভ (গ্রান্ধি কিরণ কুমারদের জিএমআর গ্রুপের ৪৯ শতাংশ মালিকানা), সানরাইজার্স লিডস (কলানিথি মারানের সান গ্রুপের ১০০ শতাংশ মালিকানা)।
‘দ্য হান্ড্রেড’-এ কোনও রকম বৈষম্য চান না ইংল্যান্ডের ক্রিকেট কর্তারা। নিলামে অংশ নেওয়া ৬৩ জন পাকিস্তানি ক্রিকেটার যাতে অন্য দেশের ক্রিকেটারদের মতো সমান সুযোগ পান, তা নিশ্চিত করতে চান তারা। টুর্নামেন্টের আটটি দলকে চিঠি দিয়েছে ইসিবি।
ইংল্যান্ডের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সুষ্ঠু নির্বাচন এবং বৈষম্যবিরোধী নীতির কথা মনে করিয়ে দেওয়া হয়েছে দলগুলোর কর্তৃপক্ষদের। চিঠির বিশেষ কয়েকটি লাইনে দাগ দিয়ে দেওয়া হয়েছে। দল তৈরির ব্যাপারে ইসিবি হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছে। একই সঙ্গে দল তৈরির সঙ্গে যুক্তদের সীমা লঙ্ঘন না করার পরামর্শ দেওয়া হয়েছে। বিষয়টির ওপর ইসিবি নজর রাখবে। চিঠিতে অবশ্য নির্দিষ্ট ভাবে কোনও দল বা দেশের ক্রিকেটারদের কথা উল্লেখ করা হয়নি।
পাকিস্তানি ক্রিকেটারদের নিয়ে গুঞ্জন ছড়ানোর পর ইসিবির এক কর্মকর্তা বলেছিলেন, 'পুরুষ এবং নারীদের প্রতিযোগিতায় আমরা পুরো বিশ্বের ক্রিকেটারদের আমন্ত্রণ জানিয়েছি। আশা করব, আটটি দলেই ক্রিকেট বিশ্বের সামগ্রিক চিত্র দেখা যাবে।'
এইচজেএস