চোট পেলেই এক মিনিট বাইরে, নতুন নিয়ম আনছে ফিফা

চোট পেলে চিকিৎসা নেওয়ার পর খেলোয়াড়দের অন্তত এক মিনিট মাঠের বাইরে থাকতে বাধ্য করার প্রস্তাব দিয়েছে ফিফা। খেলার গতি ব্যাহত হওয়া ও সময় নষ্ট কমাতে এই প্রস্তাব অনুমোদনের জন্য যাচ্ছে ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইএফএবি) বার্ষিক সাধারণ সভায়।
বর্তমানে ফুটবল আইনে চোট পাওয়া খেলোয়াড়কে কতক্ষণ সাইডলাইনে থাকতে হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো বিধান নেই। বিভিন্ন লিগ নিজেদের নিয়ম চালু করেছে। ইংলিশ প্রিমিয়ার ২০২৩-২৪ মৌসুম থেকে ৩০ সেকেন্ড বাইরে থাকার নিয়ম চালু করেছে। এবার সেই পথেই হাঁটছে ফিফাও।
ফিফা গত ডিসেম্বরে আরব কাপে পরীক্ষামূলকভাবে দুই মিনিটের নিয়ম চালু করেছিল। ফিফার রেফারি প্রধান পিয়েরলুইজি কলিনা জানান, সময়ক্ষেপণ কমানো এবং ম্যাচের গতি বাড়াতেই এমন উদ্যোগ। তবে দুই মিনিটের নিয়ম নিয়ে আপত্তি ওঠায় এক মিনিটকে সমঝোতার পথ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
তবে প্রস্তাবটি নিয়ে উদ্বেগও রয়েছে। অনেকে আশঙ্কা করছে, এক মিনিট বাইরে থাকলে দল ১০ জন নিয়ে খেলতে বাধ্য হবে এবং গোল হজমের ঝুঁকি বাড়বে। গত মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার মাঠের বাইরে থাকাকালীন গোল হজমের ঘটনায় বিতর্ক তৈরি হয়েছিল।
তবে এই নিয়মের জন্য কিছু ব্যতিক্রমও থাকবে। প্রতিপক্ষের ফুটবলার যদি হলুদ বা লাল কার্ড দেখে, তাহলে চোট পাওয়া খেলোয়াড়কে বাইরে থাকতে হবে না। গোলরক্ষকরাও এই নিয়মের বাইরে থাকবেন। আর পেনাল্টি নিতে হলে খেলোয়াড় মাঠে থাকতে পারবেন।
এছাড়া সময়ক্ষেপণ ঠেকাতে নতুন কাউন্টডাউন নিয়মও আনা হচ্ছে। গোলকিক ও থ্রো-ইন নিতে দেরি করলে বল প্রতিপক্ষের দখলে যাবে। বদলি খেলোয়াড় ১০ সেকেন্ডের মধ্যে মাঠ ছাড়তে না পারলে পরিবর্ত খেলোয়াড় নামতে পারবেন না এবং দলকে অন্তত ৬০ সেকেন্ড ১০ জন নিয়ে খেলতে হবে।
এমএমএম/