ফিজ আমার এক নম্বর পছন্দ : লাহোরের মালিক

সরাসরি চুক্তিতে মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স। বাংলাদেশি এই পেসারকে দলে পেয়ে খুশি ফ্র্যাঞ্চাইজিটির মালিক সামিন রানা। বাজেট এবং দলের চাহিদা সবমিলিয়ে ফিজ তাদের এক নম্বর পছন্দ ছিল বলে জানিয়েছেন তিনি।
আসন্ন পিএসএলের নিলামের আগেই ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপিতে মুস্তাফিজকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে লাহোর। সবশেষ ২০১৮ সালের পিএসএলে লাহোরের হয়েই খেলেছিলেন তিনি। প্রায় ৮ বছর পর আবার পিএসএল খেলতে দেখা যাবে তাকে।
এক পডকাস্টে লাহোরের কর্ণধার বলেন, 'ফিজের প্রতি একটা আকর্ষণ তৈরি হয়েছে। বোলিংয়ের প্রতি আমার যে আকর্ষণ সেখানে ফিজ আমার এক নম্বর পছন্দ ছিল। বাজেটের কারণে স্ট্র্যাটেজির দিক থেকেও সে আমাদের সাথে যাচ্ছিল। ফিজের মাঝে যে কোয়ালিটি আছে সেটা দুনিয়ার খুব কম মানুষের মধ্যে আছে। সে একেবারে ভিন্ন ধরনের একজন বোলার। বিপিএলেও যদি আপনি দেখেন তার নিজস্ব একটা বৈচিত্র্য আছে, ওইটা আর কারও নেই। আমরা দলে ওই এক্স ফ্যাক্টরটা নেওয়ার চেষ্টা করেছি।'
'আমি তো সবসময় বলি বোলার আপনাকে টুর্নামেন্ট জেতাবে। আমি এখনো বিশ্বাস করি ব্যাটার আপনাকে ম্যাচ জেতাবে কিন্তু বোলার আপনাকে টুর্নামেন্ট জেতাবে।'-যোগ করেন তিনি।
এইচজেএস