যদি শ্রীলঙ্কা সেমিফাইনালে খেলে : আইসিসির নতুন সিদ্ধান্ত

ঘরের দর্শকদের সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে পারে শ্রীলঙ্কা। যদি তারা সুপার এইটের বাধা টপকে যেতে পারে, তাহলে কাদের বিপক্ষে তাদের খেলা এবং কারা সেমিফাইনালে উঠল, সেটার ওপর নির্ভর করছে এই সিদ্ধান্ত।
যদি ভারতের মুখোমুখি না হতে হয় এবং পাকিস্তান সেমিফাইনালে না উঠতে পারে, তাহলে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়াম লঙ্কানদের সেমিফাইনালের আয়োজক হবে।
ইএসপিএনক্রিকইনফো জানতে পেরেছে, সুপার এইট পর্ব চূড়ান্ত হওয়ার পর সকল স্টেকহোল্ডারদের একটি বার্তা পাঠানো হয়েছিল। যেখানে আইসিসি সেমিফাইনালের লজিস্টিকস বা ব্যবস্থাপনা সংক্রান্ত কিছু বিষয় নিশ্চিত করেছে:
‘সেমিফাইনাল ১ একটি পরিবর্তনশীল ব্যবস্থা, যেখানে ম্যাচটি কলম্বো অথবা কলকাতায় অনুষ্ঠিত হবে।’
‘যদি পাকিস্তান সেমিফাইনালের জন্য যোগ্যতা অর্জন করে, তবে তারা ৪ মার্চ কলম্বোতে সেমিফাইনাল ১-এ খেলবে।’
‘যদি পাকিস্তান সেমিফাইনালের জন্য যোগ্যতা অর্জন না করে, কিন্তু শ্রীলঙ্কা যোগ্যতা অর্জন করে এবং ভারত ছাড়া অন্য কারো সাথে খেলে, তবে শ্রীলঙ্কা ৪ মার্চ কলম্বোতে সেমিফাইনাল ১-এ খেলবে।’
তবে পাকিস্তান কিংবা শ্রীলঙ্কার কেউই সেমিফাইনালে উঠতে না পারলে এই পর্বের প্রথম ম্যাচ হবে কলকাতায়, দ্বিতীয়টি মুম্বাইয়ে। ভারত শেষ চারে উঠলে তারা কেলবে মুম্বাইয়ে। তবে পাকিস্তানের সঙ্গে যদি খেলা পড়ে, তাহলে চলে যাবে কলম্বোতে। যদি ভারত, শ্রীলঙ্কা বা পাকিস্তানের কেউই সুপার এইট পার না হতে পারে? তখন সুপার এইটের এক নম্বর গ্রুপের প্রথম দল অন্য গ্রুপের দ্বিতীয় দলের সঙ্গে সেমিফাইনাল খেলবে কলকাতায়। দুই নম্বর গ্রুপের বিজয়ী দল মুম্বাইয়ে মুখোমুখি হবে এক নম্বরের রানার্সআপের সঙ্গে।
সুপার এইটের দুই নম্বর গ্রুপে আছে শ্রীলঙ্কা ও পাকিস্তান। তাই দুই দলের সেমিফাইনালে মুখোমুখি হওয়ার কোনো সুযোগ নেই।
এফএইচএম/