বাংলাদেশে কোনো টেস্ট ক্রিকেটার হওয়া উচিত না: মুমিনুল

মুমিনুল হকের পরিচয় কী? এমন প্রশ্নের সহজ উত্তর হয়তো হবে— বাংলাদেশের একজন টেস্ট ক্রিকেটার। সাদা বলের ক্রিকেটে বাত্য হয়ে ওঠা মুমিনুলকে সাধারণত লাল বলেই খেলতে দেখা যায়। আন্তর্জাতিক ক্রিকেটে সীমিত ওভারে শেষ ম্যাচ খেলেছেন ২০১৮ সালে। ‘কেবল টেস্ট খেলোয়াড়’ তকমা যেন সেঁটে গেছে তার নামের পাশে। আর এনিয়ে ক্ষোভ প্রকাশের সুযোগ পেয়ে হাতছাড়া করলেন না তিনি।
দেশের দুই ভেন্যুতে গতকাল থেকে শুরু হয়েছে ওয়ানডে ফরম্যাটের বিসিএল। আর এই প্রতিযোগিতায় ইস্ট জোনের হয়ে খেলছেন মুমিনুল। গতকাল নর্থ জোনের বিপক্ষে তার দল হারলেও এই ব্যাটার ছিলেন উজ্জ্বল। মুমিনুল এদিন ব্যাট হাতে করেন ৮৩ রান। পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, বাংলাদেশে কেউ টেস্ট ক্রিকেটার হওয়া মানে তার জন্য দুর্ভোগ অপেক্ষা করছে।
৩৪টি সীমিত ওভারের আন্তর্জাতিক ম্যাচের বিপরীতে মুমিনুল টেস্ট খেলেছেন ৭৫টি। সাদা পোশাকে দারুণ খেললেও রঙিন পোশাকে নিজেকে প্রমাণের কোনো সুযোগই পান না। কারণ তার পরিচয় এখন ‘কেবল টেস্ট ক্রিকেটার’। এনিয়ে মুমিনুল বললেন, ‘ভবিষ্যতে এমন প্রশ্ন আসতে পারে যে আপনি টেস্ট ক্রিকেটারদের জন্য কী বলবেন। আমি তো বলব যে বাংলাদেশে কোনো টেস্ট ক্রিকেটার তৈরি হওয়া উচিত না। এরকম অবস্থা হলে টেস্ট ক্রিকেটার হওয়া উচিত না। কারণ আপনি সাদা বলের কোনো খেলা খেলতে পারছেন না।’
তিনি বলে গেলেন, ‘দেখেন আপনি ওয়ানডে খেলান বা না খেলান, সেটা পরের কথা। একটা ক্রিকেটারের পারফরম্যান্সের ভিতের ওপরে খেলাতে পারবেন। তার মানে এই না যে ওকে এরকম টুর্নামেন্টে, ঘরোয়া যেসব টুর্নামেন্ট রয়েছে, ওখানে অন্তত সুযোগ দেওয়া উচিত।’
এভাবে চলতে থাকলে টেস্ট ক্রিকেটার পাওয়া দুষ্কর হয়ে দাঁড়াবে মনে করেন মুমিনুল, ‘ওকে যদি আপনি সারাদিন তৈরি করেন লাল বলের জন্য। তখন লাল বলের জন্য এটা খারাপ উদাহরণ হবে। আপনারা সবাই বলেন যে সবার একটা টেস্ট খেলার স্বপ্ন থাকে ছোটবেলা থেকে। ওই টেস্ট খেলার স্বপ্নটা তখন আর কারোর থাকবে না।’
এসএইচ/এফএইচএম