৫ বছরের ব্যবধানে একই দিনে দুটি ডাবল সেঞ্চুরি দেখেছে ক্রিকেটবিশ্ব

আজ ২৪ ফেব্রুয়ারি, ওয়ানডে ক্রিকেটের একটি ঐতিহাসিক দিন। ২০১০ সালের এই দিনে প্রথমবার ৫০ ওভারের ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করেছিলেন ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার। ৫ বছর পর (২০১৫) সেই কীর্তি আরেকবার দেখা গেছে। কাকতালীয়ভাবে একইদিন (২৪ ফেব্রুয়ারি) দ্বিশতক করেছেন ‘ইউনিভার্স বস’খ্যাত ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিস গেইল।
শচীনের করা ডাবল সেঞ্চুরিটি ছিল ওয়ানডের ইতিহাসে প্রথম। যা ছিল দক্ষতা, ধৈর্য ও নিখাদ আধিপত্যের উজ্জ্বল দৃষ্টান্ত। একই তারিখে হওয়ায় গেইলের ডাবল সেঞ্চুরিও ক্রিকেট ইতিহাসের বড় মাইলফলক হয়ে আছে। যদিও শচীন থেকে গেইলের মাঝে আরও তিনটি ডাবল সেঞ্চুরি হয়েছিল। এদিকে, একই তারিখে হলেও ক্যারিবীয় কিংবদন্তির ইনিংসটি ছিল আরও আগ্রাসী। গেইল সেই কীর্তি গড়েছেন আবার ওয়ানডে বিশ্বকাপে।
সবমিলিয়ে এখন পর্যন্ত ওয়ানডেতে ১২টি ডাবল সেঞ্চুরি হয়েছে। তবে একাধিক দ্বিতশতকের রেকর্ড আছে কেবল সাবেক ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে তিনি ওয়ানডেতে তিনটি ডাবল সেঞ্চুরি করেছেন। এ ছাড়া ৯ জন ওই কীর্তি গড়েন একবার করে। শচীন, গেইল ও রোহিত ছাড়া বাকিরা হলেন– বীরেন্দর শেবাগ, মার্টিন গাপটিল, ফখর জামান, ইশান কিষাণ, শুভমান গিল, গ্লেন ম্যাক্সওয়েল ও পাথুম নিশাঙ্কা। একমাত্র দেশ হিসেবে ভারত ওয়ানডেতে একাধিক (৫) ডাবল সেঞ্চুরির ভাগিদার হয়েছে।
‘মাস্টার ব্লাস্টার’ শচীন টেন্ডুলকার ২০১০ সালের এই দিনে নিজের বর্ণাঢ্য ক্যারিয়ারে আরেকটি অনন্য কীর্তি যোগ করেন। গোয়ালিয়রে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে তিনি খেলেন অপরাজিত ২০০ রানের ঐতিহাসিক ইনিংস, যে কীর্তি ওয়ানডে ক্রিকেটে আগে কখনোই ঘটেনি। টেস্ট সিরিজে জোড়া সেঞ্চুরির পর দারুণ ফর্মে থাকা শচীন প্রোটিয়াদের শক্তিশালী বোলিং আক্রমণের বিপক্ষে শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিলেন। শুরুতে বীরেন্দর শেবাগ আউট হয়ে গেলেও তিনি প্রতিপক্ষকে চাপে রাখেন। ডেল স্টেইনের মতো পেসারকে সাবলীলভাবে সামলানোর পর পরবর্তীতে বোলারদের ওপর চড়াও হন।
পেস ও স্পিনের বিপরীতে চিরচেনা ব্যাকফুট পাঞ্চ, নিখুঁত কভার ড্রাইভ, কবজির জাদুতে ফ্লিক এবং সূক্ষ্ম কাট শট খেলেছেন শচীন। ১৪৭ বলে ২৫টি চার ও ৩টি ছক্কায় ডাবল সেঞ্চুরি করে তার ব্যাট উঁচিয়ে ধরার সেই মুহূর্ত ক্রিকেট ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে। ওই ইনিংসে ভর করেই প্রোটিয়াদের বিপক্ষে ভারত সিরিজ জেতে।
২০১৫ সালে আবারও ২৪ ফেব্রুয়ারি বিশেষ হয়ে ওঠে। সেদিন ওয়ানডে বিশ্বকাপের প্রথম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়েন ওয়েস্ট ইন্ডিজের বিস্ফোরক ব্যাটার ক্রিস গেইল। ক্যানবেরায় জিম্বাবুয়ের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে তিনি খেলেন ১৪৭ বলে ২১৫ রানের বিধ্বংসী ইনিংস। গেইল ইনিংসটি সাজিয়েছেন ১০টি চার ও ১৬টি ছক্কায়, যার সুবাদে ওয়েস্ট ইন্ডিজ ৫০ ওভারে ৩৭২ রান তোলে। বৃষ্টি-বিঘ্নিত ম্যাচে শেষ পর্যন্ত ৭৩ রানে জয় পায় ক্যারিবীয়রা।
এএইচএস