ইংল্যান্ডের বিপক্ষে শাহিনে ভরসা নেই আফ্রিদির, একাদশে বাবর

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে উঠলেও নিজেদের দেশের ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট নন সাবেক পাকিস্তানি ক্রিকেটাররা। নিজের মেয়ের জামাই শাহীন শাহ আফ্রিদির সমালোচনা করতেও পিছুপা হয়নি সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার বাবর আজমও হয়েছেন সমালোচিত।
এতকিছুর পরও পাকিস্তান বিশ্বকাপে ভালো কিছু করুক, এমনটাই চান সবাই। তাই আসন্ন ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে ভালো ভালো পরামর্শ দিয়ে যাচ্ছেন সবাই। আর শহীদ আফ্রিদি তো নিজের পছন্দের একাদশই সাজিয়ে দিয়েছেন। কিন্তু তার দেওয়া একাদশে জায়গা হয়নি বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদির।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট করেন আফ্রিদি। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ নিয়ে সেখানে তিনি লেখেন, ‘‘আজকের দিনটি এক হয়ে দাঁড়ানোর। ইংল্যান্ডের বিপক্ষে এটি একটি গুরুত্বপূর্ণ ম্যাচ, আর সাফল্য নির্ভর করবে পারস্পরিক বিশ্বাস ও শতভাগ অঙ্গীকারের ওপর। ছেলেদের জন্য রইল শুভকামনা, দেশকে গর্বিত করো।’’
এরপর নিজের পছন্দের একাদশে তুলে ধরেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে আফ্রিদির পছন্দের একাদশে আছেন- বাবর আজম, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান আলি আগা (অধিনায়ক), ফখর জামান, উসমান খান, ফাহিম আশরাফ, নাসিম শাহ, আবরার আহমেদ, সালমান মির্জা ও উসমান তারিক।
প্রসঙ্গত, গ্রুপ পর্বে চার ম্যাচের মধ্যে তিনটিতে জিতে সুপার এইটে উঠেছে পাকিস্তান। সেরা আটের লড়াইয়ে প্রথম ম্যাচটা ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে। কিন্তু বৃষ্টি বাগড়ায় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। ফলে একটি করে পয়েন্ট পায় দুদলই।
এমএমএম/