টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরের সেমিফাইনাল ও ফাইনালের টিকিট বিক্রি শুরু হয়েছে আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায়। এর মাঝেই নতুন ঘোষণা দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। পাকিস্তান সেমিফাইনাল বা ফাইনালে উঠলে কলকাতা ও আহমেদাবাদ ভেন্যুর টিকিটধারীরা ফেরত পাবেন পুরো অর্থ।
বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল ৪ মার্চ। পরের দিন অনুষ্ঠিত হবে দ্বিতীয় সেমিফাইনাল। আর শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৮ মার্চ। প্রথম সেমিফাইনালটির ভেন্যু এখনও নিশ্চিত নয়। ম্যাচটি হতে পারে কলম্বোর আর প্রেমাদাসা কিংবা কলকাতার ইডেন গার্ডেন্সে। দ্বিতীয় সেমি হবে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে।
পাকিস্তান শেষ চারে উঠলে তারা খেলবে ৪ মার্চ কলম্বোয়। পাকিস্তান না উঠলেও শ্রীলঙ্কা যদি সেমিতে উঠে এবং ভারতের বিপক্ষে না পড়ে, সেক্ষেত্রেও প্রথম সেমি হবে কলম্বোয়। অন্য সব পরিস্থিতিতে ম্যাচটি হবে কলকাতায়।
ফাইনাল হওয়ার রয়েছে ভারতের আহমেদাবাদে। তবে পাকিস্তান ফাইনালে উঠলে শিরোপা লড়াইটি সরিয়ে নেওয়া হবে কলম্বোতে। তবে ভারতে খেলা না হলে টিকিটধারীরা পুরো অর্থ ফেরত পাবেন।
এমএমএম/
