দুঃসংবাদ পেল ভারত

দক্ষিণ আফ্রিকার কাছে সুপার এইটের প্রথম ম্যাচ হেরে বিপদে সূর্যকুমার যাদবের দল। তাই এখন প্রতিটি ম্যাচই তাদের জন্য গুরুত্বপূর্ণ। আগামী বৃহস্পতিবার তাদের প্রতিপক্ষ জিম্বাবুয়ে। এই ম্যাচের আগে দুঃসংবাদ ভারতীয় শিবিরে।
জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে রিংকু সিংকে পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। আজ মঙ্গলবার হঠাৎ বাড়ি ফিরে গেছেন এই ফিনিশার। তাই আগামী ম্যাচে তাকে না পাওয়ার সম্ভাবনাই বেশি।
ভারতীয় দলের সূত্রের বরাত দিয়ে স্থানীয় একটি পত্রিকা জানিয়েছে, গুরুতর অসুস্থ রিংকুর বাবা খানচন্দ সিং। গ্রেটার নয়ডার একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করানো হয়েছে। ভেন্টিলেটরে রেখে চিকিৎসা চলছে তার। খবর পাওয়ার পর কোচ গৌতম গম্ভীরের অনুমতি নিয়ে বাবাকে দেখতে গেছেন রিংকু। মঙ্গলবার সকালেই টিম হোটেল ছাড়েন তিনি।
টিম হোটেল ছেড়ে চলে যাওয়ায় স্বাভাবিকভাবেই আজ মঙ্গলবার সন্ধ্যায় অনুশীলন করেননি রিংকু। বাড়িতে থেকে ফিরলেও আগামী ম্যাচে সরাসরি মাঠে নামার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। তাই আগামী ম্যাচে তার বিকল্প ভাবতে হচ্ছে ভারতকে।
চেন্নাইয়ে ভারতের পরবর্তী ম্যাচ জিম্বাবুয়ের বিপক্ষে। একই দিনে এক নম্বর গ্রুপের অন্য খেলায় মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। আহমেদাবাদের এই ম্যাচের ফলের ওপরও ভারতের সেমিফাইনাল ভাগ্য অনেকটাই নির্ভর করছে। দক্ষিণ আফ্রিকা জিতলে স্বাগতিক শিবিরে কিছুটা স্বস্তি ফিরতে পারে।
এইচজেএস