প্রতিপক্ষকে উড়িয়ে শেষ ষোলোয় অ্যাতলেটিকো, সোরলোথের হ্যাটট্রিক

বেলজিয়ামের ক্লাব ব্রুগের মাঠে গিয়ে প্লে-অফের প্রথম লেগে ৩-৩ ড্র নিয়ে ফিরেছিল অ্যাতলেটিকো মাদ্রিদ। জয় না পেলেও দ্বিতীয় লেগ নিয়ে হয়তো আত্মবিশ্বাসই ছিল দিয়েগো সিমিওনের দলের। কারণ এবার যে নিজেদের মাঠে খেলা। যেখানে পজেশনে পিছিয়ে থাকলেও বড় জয় নিশ্চিত করেছে স্প্যানিশ জায়ান্টরা। আলেকজান্ডার সোরলথের হ্যাটট্রিকে তারা ৪-১ গোলে ক্লাব ব্রুগকে উড়িয়ে দিয়েছে।
এর মধ্য দিয়ে ৭-৪ অ্যাগ্রিগেটে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় উঠে গেল অ্যাতলেটিকো মাদ্রিদ। প্রথমার্ধে যদিও তাদের কঠিন পরীক্ষায় ফেলেছিল ক্লাব ব্রুগ। সোরলোথ জ্বলে ওঠায় বেলজিয়ানরা আর কোনো সুবিধাই করতে পারেনি। নরওয়ের এই ফরোয়ার্ডের হ্যাটট্রিক ছাড়া অরেকটি গোল করেন জনি কারদোসো। বিপরীতে হোয়েল ওরদোনিয়েস এক গোল করে ব্যবধান কমিয়েছেন।
৪৮ শতাংশ পজেশনের পাশাপাশি অ্যাতলেটিকো ১২ শট নিয়ে ৫টি লক্ষ্যে রাখতে পারে। বিপরীতে বল দখলে এগিয়ে থাকা ক্লাব ব্রুগের ৭ শটের মধ্যে ৪টি লক্ষ্যে ছিল। ম্যাচের ২৩ মিনিটে অ্যাতলেটিকোকে লিড এনে দেন সোরলোথ। ব্রুগ গোলরক্ষক সিমোন মিগনোলেতের গায়ের নিচ দিয়ে নেওয়া শটে তিনি বল জালে জড়ান। ৩৬ মিনিটেই সমতায় ফেরে ক্লাব ব্রুগ। সেট পিসে গোলটি করেছেন ওরদোনিয়েস। একাধিক সতীর্থ হয়ে আসা বলে একুয়েডরের এই ডিফেন্ডার নিকটদূরত্ব থেকে হেড দিয়েছেন।
দ্বিতীয়ার্ধেই শুরুতে আবারও স্কোরশিটের দখল নেয় অ্যাতলেটিকো। ৪৬ মিনিটে সফরকারীরা বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে ব্রাজিলিয়ান বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড কার্দোসো ডি-বক্সের বাইরে থেকে জোরাল শটে গোলটি করেন। অ্যাতলেটিকোর বড় জয় নিশ্চিতের পথে সোরলোথ নিজের হ্যাটট্রিক পূরণ করেন ৭৬ ও ৮৭ মিনিটে নেওয়া দুটি গোলে। প্রথমে প্রতিপক্ষের গায়ে লেগে পাওয়া বল ছয় গজ বক্সের বাইরে থেকে ফাঁকায় পেয়ে শট নেন, পরের গোলটি দিয়েছেন ভলিতে। ৩০ বছর বয়সী নরওয়েজিয়ান ফরোয়ার্ড চ্যাম্পিয়ন্স লিগে পঞ্চম গোল করলেন।
একইসঙ্গে ৪-১ গোল এবং ৭-৪ অ্যাগ্রিগেটে ক্লাব ব্রুগকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে অ্যাতলেটিকো। দ্বিতীয়ার্ধে তারা আর প্রতিপক্ষকে সেভাবে দাঁড়াতেই দেয়নি।
এএইচএস