ম্যাচের আগে বার্গার খেয়ে অসুস্থ কিউই অধিনায়ক ও মজার অতীত

জমে উঠেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট রাউন্ড। বিশেষ করে দুই নম্বর গ্রুপ থেকে ইংল্যান্ড সেমিফাইনাল নিশ্চিত করার পর, বাকি তিন দলই সমীকরণ মেলানোর মিশনে রয়েছে। তাদের মধ্যে কেবল এক দল সেমির টিকিট পাবে। নিজেদের প্রথম ম্যাচে বৃষ্টির কারণে মাঠেও নামতে পারেনি নিউজিল্যান্ড। ফলে অবশিষ্ট ম্যাচ দুটিতে তাদের জিততে হবে। গুরুত্বপূর্ণ ম্যাচে আজ (বুধবার) শ্রীলঙ্কার মুখোমুখি হবে নিউজিল্যান্ড। সুপার এইট শুরুর আগে অসুস্থ হয়ে পড়েছিলেন কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার।
তার এই অবস্থার বর্ণনা দিতে গিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’ লিখেছে, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মতো দেশ যখন ভারতে খেলতে আসে, মজার ঘটনা জড়িয়ে থাকে তাদের সফরে। এর অন্যতম একটি বিষয়– খাবার। ক্রিকেটাররা সাধারণত স্পিন-বান্ধব উইকেটে খেলতে হবে এমন মনস্তত্ব নিয়ে আসেন। সঙ্গে বিবেচনায় থাকে অত্যধিক গরম ও গ্যালারিভর্তি স্টেডিয়ামের কথা। তবে কেউ কেউ চিন্তিত থাকেন খাবার নিয়ে। সুস্থ থাকার লক্ষ্যে কেউ খাদ্যাভ্যাসে সচেতনতা এবং কেউ কেউ পরিচিত খাবারের খোঁজে মরিয়া হয়ে উঠেন।
লম্বা সময় ধরে এশিয়ার বাইরের দেশগুলোর সফর ঘিরে এমন কাহিনী প্রচলিত আছে। যদিও আন্তর্জাতিক দলগুলো এখন দেশের বাইরে সফরে গেলে পুষ্টিবিদ, পছন্দের রাধুনি সঙ্গে আনার পাশাপাশি অত্যন্ত সচেতনতার সঙ্গে খাদ্য তালিকাও বেছে নেয়। ভারতের আতিথেয়তাও আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। ফলে এখন খাবার সংক্রান্ত মজার কৌতুকগুলো আগের মতো সেভাবে শোনা যায় না। তবে বার্গার খেয়ে এবার পেট খারাপ হওয়ার তথ্য সামনে এসেছে। হাসিমুখে কিউই অধিনায়ক স্যান্টনার জানিয়েছেন, ‘আমি অনলাইনে খাবার অর্ডার করেছিলাম, কিন্তু সেটি ঠিকঠাক কাজ করেনি। এরপর থেকে আমি আর সে পথে যাইনি। এখন ঠিক আছি, আমাদের হাতেও একটি রাত আছে, দেখা যাক।’

বিষয়টি স্পষ্ট হয়েছে স্যান্টনারের সতীর্থ ও তারকা অলরাউন্ডার ড্যারিল মিচেলের কথায়। কানাডা ম্যাচের আগে তিনি জানান, ‘সে (স্যান্টনার) “ডজি (ফাঁকি দিয়েছে এমন) বার্গার” খেয়েছিল। এরপর থেকে খুব একটা ভালো বোধ করছে না, আশা করি পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে সে স্বাভাবিক হয়ে উঠবে।’ অসুস্থতার কারণে চেন্নাইয়ে গ্রুপপর্বের শেষ ম্যাচে কানাডার বিপক্ষে ছিলেন না কিউই অধিনায়ক। সে কারণে ম্যাচটিতে ভারপ্রাপ্ত অধিনায়ক ছিলেন ড্যারিল মিচেল।
গত শনিবার পাকিস্তান ম্যাচের আগেই অসুস্থতা কাটিয়ে উঠেন স্যান্টনার। সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা ছিল কিউইদের। তবে কলম্বোর বেরসিক বৃষ্টিতে একটি বলও গড়ায়নি সেদিন। ফলে একটি করে পয়েন্ট পেয়েছে উভয় দল। সেমিফাইনালে উঠার লক্ষ্যে ইংল্যান্ড বাদে ২ নম্বর গ্রুপের তিন দলের সামনেই জয় ছাড়া বিকল্প নেই। পাকিস্তান গতকাল ইংল্যান্ডের কাছে হেরে সেমিতে ওঠার সমীকরণ কঠিন করে ফেলেছে। ২ ম্যাচ শেষে তাই ১ পয়েন্ট সালমান আগার দলের। বিপরীতে, নিউজিল্যান্ড ১ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় এবং ইংলিশদের কাছে প্রথম ম্যাচে হারায় শূন্য পয়েন্ট নিয়ে সবার শেষে শ্রীলঙ্কা।
লঙ্কানদের বিপক্ষে নামার আগে প্রায় দলেরই সমীকরণের মুখে পড়ার কথা জানিয়ে স্যান্টনার বলেন, ‘সবার অবস্থা মূল্যায়নের জন্য দারুণ দুটি দিন পেয়েছি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সব দল একটি বৃত্তে আটকে গেছে। সুপার এইটের প্রতিটি ম্যাচই একপ্রকার নকআউট। আমাদের জন্য যে পরিস্থিতি, শ্রীলঙ্কার ক্ষেত্রে একই। তারা তাদের সমস্ত শক্তি নিয়েই আসবে। আমরাও প্রস্তুতি অনুযায়ী সর্বোচ্চটুকু করার চেষ্টা করব।’
এএইচএস