সাদমান-মুমিনুলদের ‘টেস্ট ব্যাটার’ তকমা নিয়ে যা বললেন তালহা

নির্দিষ্ট কোনো ফরম্যাটে কোনো ক্রিকেটার ভালো খেললেই তাকে সেই ফরম্যাটের ক্রিকেটার হিসেবে তকমা দিয়ে দেয়া হয়। যা সামগ্রিকভাবে দেশের ক্রিকেট এবং সেই ক্রিকেটারের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তাই এমন কিছু না করতে এবার অনুরোধ করেছেন বিসিবির কোচ তালহা জুবায়ের।
ক্যারিয়ারের শুরুর দিকে ওয়ানডেতে সুযোগ পেলেও টেস্টে দুর্দান্ত পারফর্ম করে আলোচনায় আসেন মুমিনুল হক। সাদা পোশাকে দেশের ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার হলেও সাদা বলের ক্রিকেট থেকে অনেকটাই দূরে তিনি। টেস্ট স্পেশালিস্টের তকমা পাওয়ায় সীমিত ওভারের ক্রিকেটে ভালো করতে পারেননি বলে দাবি করেন মুমিনুল।
মুমিনুলের এমন দাবির পর আজ বুধবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে তালহা বলেন, 'আমাদের দেশে সব থেকে বড় সমস্যা আমরা তকমা দিয়ে দেই। অল্প সময়েই তকমা দিয়ে দেই, আবার অনেকের জন্য ওই তকমাটা লম্বা সময়ের জন্য হয়ে যায়। এগুলো ঠিক না।'
'যে কেউ যে কোনো ফরম্যাটে ভালো খেলতে পারে। যার সক্ষমতা আছে সে সব ফরম্যাটে ভালো খেলতে পারে। এরকম তকমা দেয়া উচিত না। আমি লাল বলের খেলোয়াড়, কিন্তু সাদা বলে ভালো খেললে, সাদা বলের জন্যও বিবেচিত হওয়া উচিত।'-যোগ করেন তিনি।
'টেস্ট ওপেনার' তকমা পাওয়া সাদমান ইসলাম বিসিএলের চলমান ওয়ানডে টুর্নামেন্টে নেই। এ নিয়ে তালহা বলেন, 'সাদমান খুবই হতাশ ছিল, যখন জানতে পেরেছে ও এই টুর্নামেন্টে নেই। ও কিন্তু ওয়ানডে ক্রিকেটেও ভালো খেলছে, ভালো শট খেলছে। সর্বশেষ প্রিমিয়ার লিগেও ভালো খেলেছে। সাদমানের মতো খেলোয়াড়কে আপনি যদি উৎসাহিত না করেন, তাহলে পাকিস্তান সিরিজের আগে সাদমান আসলে খেলবে কোথায়, ওর ম্যাচ অনুশীলন কই হবে?'
এসএইচ/এইচজেএস