যেভাবে সেমিফাইনালে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

জমে উঠেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্ব। নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় ব্যবধানেই হেরেছে ভারত। তাদের গ্রুপ সেরা হওয়ার সম্ভাবনা খুবই কম। আবার বিশ্বকাপ থেকেই ছিটকে পড়ার শঙ্কায় আছে পাকিস্তান। এমতাবস্থায় সবার মনে একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে- সেমিফাইনালে কি দেখা হতে পারে ভারত-পাকিস্তানের?
পয়েন্ট টেবিলের বর্তমান অবস্থা দেখে অনেকে হয়তো অকপটে বলেই দিতে পারেন যে, পাকিস্তান তো বিশ্বকাপ থেকেই বাদ পড়ে যাবে! সেখানে সেমিতে কীভাবে দেখা হবে ভারত-পাকিস্তানের। হ্যাঁ, সেটা হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। কিন্তু আসলেই কি কোনোই সম্ভাবনা নেই? অবশ্যই আছে, এখনও ভারত-পাকিস্তান সেমিফাইনালে মুখোমুখি হতে পারে। সম্ভাবনা কম থাকলেও একেবারেই যে নেই, সেটা বলা যাবে না।
যেহেতু প্রথম দুই ম্যাচে মাত্র ১ পয়েন্ট সংগ্রহ করেছে পাকিস্তান, সেহেতু শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারালে সর্বোচ্চ ৩ পয়েন্ট অর্জন করতে পারবে তারা। কিন্তু গ্রুপ-২ এ ইতোমধ্যেই ৪ পয়েন্ট সংগ্রহ করেছে ইংল্যান্ড। তাই পাকিস্তানের পক্ষে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার কোনো সুযোগ নেই। রানার্সআপ হয়েই সেরা চারে জায়গা করে নিতে হবে তাদের। ফলে পাকিস্তানকে পেছনে ফেলতে হবে শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডকে।
এক্ষেত্রে ইংল্যান্ডকে জিতবে হবে শেষ ম্যাচেও। অর্থাৎ ইংলিশদের কাছে হেরে যাবে নিউজিল্যান্ড। কিউইদের আরেক ম্যাচ আছে শ্রীলঙ্কার বিপক্ষে। সেই ম্যাচ জিতবে হবে লঙ্কানদের। ফলে মাত্র ১ পয়েন্ট নিয়েই বিশ্বকাপ শেষ হবে নিউজিল্যান্ডের। এদিকে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানকে জিততে হবে শ্রীলঙ্কার বিপক্ষে। ফলে সুপার এইটের খেলা শেষে সর্বোচ্চ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হবে ইংল্যান্ড। একটি করে জয় ও ড্র নিয়ে ৩ পয়েন্ট সংগ্রহ করবে পাকিস্তান। তারা থাকবে দুই নম্বরে। আর ২ পয়েন্ট নিয়ে লঙ্কানরা তিনে এবং ১ পয়েন্টে নিয়ে নিউজিল্যান্ড চারে থাকবে।

পাকিস্তান গ্রুপ রানার্সআপ হওয়ায় ভারতকে হতে হবে চ্যাম্পিয়ন। এক্ষেত্রে নিজেদের শেষ দুই ম্যাচে জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশাল ব্যবধানে জিততে হবে ভারতকে। তাতেই নেট রানরেটে এগিয়ে যাবেন সূর্যকুমাররা। তাদের সংগ্রহ হবে ৪ পয়েন্ট।
এদিকে ইতোমধ্যেই ২ করে পয়েন্ট অর্জন করেছে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। দুদল একটি ম্যাচে একে অপরের বিপক্ষে মাঠে নামবে। এই ম্যাচটি হতে হবে খুবই ক্লোজড। অর্থাৎ ছোট ব্যবধানে উইন্ডিজকে হারাবে প্রোটিয়ারা। আবার দক্ষিণ আফ্রিকাকে হারতে হবে জিম্বাবুয়ের বিপক্ষে।
ফলে দুটি করে জয়ে সর্বোচ্চ ৪ পয়েন্ট হবে ভারত এবং দক্ষিণ আফ্রিকার। এখানে নেট রান রেটে এগিয়ে থেকে গ্রুপ সেরা হতে হবে ভারতকে। প্রোটিয়ারা থাকবে দুই নম্বরে। অন্যদিকে ২ করে পয়েন্ট থাকবে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের।
বিশ্বকাপের সুপার এইটের যেকোনো ম্যাচে যেকোনো কিছুই হতে পারে। তবে পাকিস্তানের শেষ চারে উঠার সম্ভাবনাই নেই বললেই চলে। কিন্তু খাতা-কলমের হিসাবে এখনও সেমির স্বপ্ন বেঁচে আছে সালমান আগাদের। আর সমীকরণ মিললে হয়তো সেমিফাইনালে ভারতের বিপক্ষে দেখা হলেও হতে পারে। তবে পাক সমর্থকদের সেই স্বপ্ন হয়তো স্বপ্নই থেকে যাবে!
এমএমএম/