সাকিব-মাশরাফিকে ফেরার পথ দেখিয়ে দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

২০২৪ সালে সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন সাকিব আল হাসান। এরপর আর লাল সবুজের জার্সিতে খেলা হয়নি তার। এমনকি মামলা থাকার কারণে দেশের মাটিতেও আসেননি সাকিব। যদিও একবার দেশে ফেরার চেষ্টায় দুবাই পর্যন্ত এসে আবার সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়েছে তাকে।
নতুন করে আবারো সাকিবের দেশে ফেরা নিয়ে আলোচনা হচ্ছে। এছাড়া ২০২৪ সালের আগস্টের পর থেকে জনসম্মুখে নেই মাশরাফি মর্তুজাও। এই দুই ক্রিকেটারকে নিয়ে আজ বুধবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে কথা বলেছেন নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
মিরপুরে আমিনুল বলেছেন, ‘আমিও একজন প্লেয়ার। সাকিব এবং মাশরাফি বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটার। তাদের প্রতি বাংলাদেশের মানুষের যে ভালোবাসা আমি দেখেছি, খেলার প্রতি তাদের যে আকৃষ্টতা রয়েছে, আমি একজন ক্রীড়াবিদ হিসেবে মনে করি, তাদের যে মামলা সংক্রান্ত বিষয় রয়েছে সেগুলো রাষ্ট্রীয় সিদ্ধান্ত। রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তারা ব্যক্তিগতভাবে তাদের যে উকিল রয়েছেন, তাদের উকিলের মাধ্যমে তারা যেন আইনগত বিষয়গুলো মোকাবেলা করে।'
'তারা যদি নিরপরাধ হয়ে দেশের মাঠে এসে খেলে, সে জায়গাতে আমি একজন ক্রীড়াবিদ হিসেবে আমি তাদেরকে ওয়েলকাম করব। আপনারা এসে আপনাদের যে মামলাগুলো রয়েছে, সেগুলো মোকাবেলা করে যদি নিরপরাধ হন, সবকিছু প্রতিকার করে যদি আপনারা মাঠে আসেন, আমরা মোস্ট ওয়েলকাম (জানাব) তাদেরকে। এইটুকুতে আমরা শতভাগ নমনীয় থাকব, ইনশাআল্লাহ।’
এসএইচ/এইচজেএস