এক ওভারে ৩৬, দুই ওভারে ৫৯ রান দিলেন সেই উমরান

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল সানরাইজার্স হায়দরাবাদের নেট বোলার থেকে মূল দলে জায়গা করে নিয়েছিলেন কাশ্মিরের দ্রুত গতির বোলার উমরান মালিক। ভারতের জাতীয় দলের জার্সিও গায়ে জড়িয়েছেন তিনি। কিন্তু দলে থিতু হতে পারেননি। এরপর তো দীর্ঘদিন ধরে কোনো খবরেই নেই এই ডানহাতি পেসার।
এবার নতুন করে আলোচনায় এসেছেন উমরান মালিক। কিন্তু এভাবে আলোচনায় আসতে হয়তো কখনই চাননি তিনি। সম্প্রতি বাজে বোলিংয়ের কারণে শিরোনাম হয়ে উঠেছেন কাশ্মিরের এই পেসার। ভারতের ডিওয়াই পাতিল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে এক ওভারে উমরান দিয়েছেন ৩৬ রান। আর দুই ওভার বল করে খরচ করেছেন মোট ৫৯ রান।
মুম্বাই কাস্টমসের বিপক্ষে টাটা স্পোর্টসের হয়ে খেলতে নামেন উমরান। ম্যাচের দ্বিতীয় ইনিংসের দ্বিতীয় ওভারটা করার জন্য তার হাতে বল তুলে দেন অধিনায়ক শার্দুল ঠাকুর। এই ওভারে তিনটি ছক্কা ও একটি চার আসে। আবার একটি ওয়াইড বলও করেন উমরান। তাতেই আসে মোট ২৩ রান।
ইনিংসের ১৩তম ওভারে আবারও বল করতে আসেন উমরান মালিক। প্রথম বলে আসে ১ রান। আর প্রথম পাঁচ বলে ২২ রান খরচ করেন তিনি। শেষ এক বল করতে এসে এই ডানহাতি পেসার খরচ করেন ১৪ রান। ফলে এক ওভারে আসে ৩৬ রান। ইনিংসের ১৩তম ওভারে তিনটি করে চার ও ছক্কার দেখা মেলে। আর তিনটি নো এবং একটি ওয়াইড বলও করেন উমরান। সিঙ্গেল আসে দুটি।
উমরানের খরুচে বোলিংয়ের দিনে হেরেছে তার দল টাটা স্পোর্টস। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে টাটা করে ১৯২ রান। জবাবে ৯ উইকেট ও ২৪ বল হাতে রেখেই জয় নিশ্চিত হয় মুম্বাই কাস্টমসের।
এমএমএম/